সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানোর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। বুধবার কসবার ডিআই অফিসের সামনে জড়ো হয়ে তালা ভেঙে ভেতরে ঢোকেন তাঁরা। স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি দিতে চাইলে পুলিশ বাধা দেয়, এমনকি লাঠিচার্জের অভিযোগও উঠেছে। শিক্ষক প্রতাপ রায়চৌধুরী বলেন, “আমরা যোগ্য তাই রাস্তায় নেমেছি, পুলিশ নির্বিচারে লাঠি মেরেছে।”
শুধু কলকাতাই নয়, হুগলি, মালদহ, বালুরঘাট এবং পূর্ব মেদিনীপুরের তমলুকেও একই ছবি দেখা যায়। হুগলিতে ডিআই অফিসের গেটে তালা লাগিয়ে জিটি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। মালদহে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বালুরঘাটে ব্যারিকেড ভেঙে ডিআই অফিসে ঢোকেন চাকরিহারারা। তমলুকে ডিআই অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা, কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। মেদিনীপুরেও ডিআই অফিসের সামনে বিক্ষোভ চলে। সকলের একটাই দাবি, যোগ্যদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। মুখ্যমন্ত্রীর ‘যোগ্য’দের পাশে থাকার বার্তা সত্ত্বেও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা।







