সম্প্রতি যুব আন্দোলনের আগুনে ছারখার হয়ে গিয়েছিল পড়শি দেশ নেপাল । চাপের মুখে পড়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি । তার পদত্যাগের পর , এবার নেপালের অন্তবর্তী সরকারের দায়িত্বে রয়েছেন শেষের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা কারকি। ৭৩ বছর বয়সী এই মহিলাই , নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার সাথেও এবার কথা বললেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ইতিমধ্যেই সেই কথা সমাজ মাধ্যমে শেয়ার করে নিয়েছেন প্রধানমন্ত্রী ।
নেপালের মর্মান্তিক পরিণতিতে সমবেদনা প্রকাশ করেছেন মোদী । প্রধানমন্ত্রী সমবেদনাও প্রকাশ করেছেন পড়শি দেশের উদ্দেশ্যে । পাশে থাকারও বার্তা দেন ।
এদিন সমাজ মাধ্যমের পাতায় , প্রধানমন্ত্রী লেখেন , “নেপালের অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকির সঙ্গে কথা হল। সম্প্রতি সেদেশের হিংসায় অস্থিরতার জন্য যে প্রাণহানির ঘটনা ঘটেছে তার জন্য তার জন্য সমবেদনা জানিয়েছি। নেপালে শান্তি ফেরাতে, স্থিতাবস্থা ফেরাতে ভারত সর্বদা সবরকমভাবে নেপালের পাশে আছে। এছাড়াও, আগামীকাল নেপালের জাতীয় দিবসে আমি প্রধানমন্ত্রীকে এবং নেপালের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাই।”
পাশাপাশি সুশীলা কারকি যখন শপথ নিয়েছিলেন , সেদিনও বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী । বলেছিলেন , “নেপাল ভারতের বন্ধু দেশ। আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু। তাদের সঙ্গে আমাদের দেশের ইতিহাসও ওতপ্রোত ভাবে জড়িয়ে। আগামীতে এভাবেই আমরা একে অপরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব।”







