কলকাতা পুলিশ, ভবানীপুর ট্র্যাফিক গার্ডের উদ্যোগে ন্যাশনাল লাইব্রেরি ক্রসিং-এ এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হল। ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো। মিত্র ইনস্টিটিউশন ও অন্যান্য স্কুলের ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দিয়ে পথ নিরাপত্তার অঙ্গীকারকে আরও দৃঢ় করল।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মিত্র ইনস্টিটিউশনের ছাত্রদের পরিবেশিত পথনাটক। তারা অত্যন্ত সুন্দরভাবে পথ দুর্ঘটনার ভয়াবহতা এবং ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
মিত্র ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণীর ছাত্র শৌর্য রায় নতুন হেলমেট পেয়ে উচ্ছ্বসিত। সে জানালো, এখন থেকে সে তার বন্ধুদের হেলমেট পরতে ও ট্রাফিক আইন মেনে চলতে বলবে যাতে কেউ আহত না হয়। পুলিশ কাকুদের ধন্যবাদ জানিয়ে সে বলে, তারাই তাকে পথ নিরাপত্তার গুরুত্ব শিখিয়েছে। তার শিক্ষিকা স্নিগ্ধা ম্যামকেও সে ধন্যবাদ জানায় এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।ভবানীপুর ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট বিপ্লব মণ্ডল জানান, মাধ্যমিক পরীক্ষা চলার কারণে তাঁরা এই বছর প্রচারটা শব্দ বিহীন ভাবে করেছেন।
কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, মিত্র ইনস্টিটিউশন স্কুলের শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির ছাত্র প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভারতে প্রতি বছর প্রায় ১ লক্ষ ৭৮ হাজার মানুষ পথ দুর্ঘটনায় মারা যান। উদ্বেগের বিষয় হল, এদের মধ্যে প্রায় ৬০ শতাংশ কম বয়সী।
পথ দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’-এর মতো উদ্যোগগুলো আমাদের মনে করিয়ে দেয়, রাস্তায় আরও বেশি দায়িত্বশীল হতে হবে, পথচারীদেরও নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। কলকাতা পুলিশ কলকাতা শহরকে শিশুদের জন্য আরও সুরক্ষিত করে তুলতে বদ্ধপরিকর এবং এই ধরনের উদ্যোগ তাদের সেই লক্ষ্যের দিকেই আরও একধাপ।







