কলকাতা: অল্প সময়ে অভূতপূর্ব বৃষ্টি, কলকাতা যেন ভেসে গেছে জলেই। মাত্র তিন থেকে চার ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেট্রো, ট্রেন পরিষেবা ব্যাহত, রাস্তায় যানজট এবং বাস-অটো ছাড়াও গাড়ির ভাড়া আকাশছোঁয়া।
ড. নৈরিতা বন্দ্যোপাধ্যায় জানান, “এটি মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউডবার্স্টের উদাহরণ। সাধারণত ভোর বা বিকেল চারটার পর এই ধরনের বৃষ্টি হয়। বঙ্গোপসাগরের জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশের ফলে এটি ঘটেছে। নিম্নচাপের সঙ্গে সম্পর্ক থাকলেও, পূর্বাভাস দেওয়া সহজ নয়।”
দূরদূরান্তের জেলা যেমন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও খড়গপুরে এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বুধবার নতুন নিম্নচাপ তৈরি হলে ২৫ এবং ২৬ সেপ্টেম্বর আবার বৃষ্টি হতে পারে।
প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। কোথাও হাটুসমান জল জমে রয়েছে, কোথাও বাড়ি একতলা জলের নিচে। বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। একাধিক সরকারি স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতর্কতা অবলম্বন করে মঙ্গলবার থেকে সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা করেছেন। সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও মানবিকতার ভিত্তিতে কর্মীদের বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা নেওয়ার পরামর্শ রয়েছে।







