ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিয়ে বিস্ময়ের শেষ নেই। বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই, অথচ তাদেরই হোঁচট খেল লজিস্টিক সমস্যায়! বুধবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দল ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে গেল একদিন। জানা গিয়েছে, দুবাইয়ে থাকা হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমান গিল এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে যোগাযোগের সঠিক ব্যবস্থা করতে না পারায় বুধবার দল ঘোষণা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার দুপুরেই ঘোষণা হবে ভারতের টেস্ট দল। অথচ ২ অক্টোবরই আহমেদাবাদে শুরু হয়ে যাচ্ছে সিরিজ। ফলে হাতে সময় রইল মাত্র সপ্তাহখানেক।
ইংল্যান্ড সিরিজে একাধিক ব্যর্থতার পর বদল আসতে চলেছে দলে। সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে করুণ নায়ারকে। সাত বছর পর ফেরার সুযোগ পেয়েও চার টেস্টে মাত্র ২০৫ রান করে হতাশ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর বাদ পড়া কার্যত নিশ্চিত। শোনা যাচ্ছে, তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন প্রতিশ্রুতিশীল সরফরাজ খান বা দেবদত্ত পাড়িক্কল।
অন্যদিকে, অভিষেক সিরিজে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সাই সুদর্শনের প্রতি আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তিন টেস্টে ১৪০ রানের বেশি না করলেও তরুণ ব্যাটারকে আবারও সুযোগ দেওয়া হবে। স্পিন বিভাগে এবার দেখা যাবে তিন অলরাউন্ডার— রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরকে। তাঁদের সঙ্গে থাকবেন কুলদীপ যাদবও।
পেস আক্রমণে থাকছেন জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। চোটের কারণে বাদ পড়েছেন আকাশদীপ। উইকেটরক্ষক হিসাবে প্রথম পছন্দ ধ্রুব জুড়েল। তাঁর বিকল্প হিসাবে সুযোগ পেতে পারেন নারায়ণ জগদীশন। সব মিলিয়ে লজিস্টিক সমস্যায় হোঁচট খেলেও দল ঘোষণার আগে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে, যা ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে করে তুলবে আরও আকর্ষণীয়।







