বিহারের পূর্ণিয়ায় ভোররাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কেঁপে উঠল এলাকা। দশেরা মেলা থেকে ফেরার পথে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন চারজন তরুণ। আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে পূর্ণিয়ার সরকারি মেডিক্যাল কলেজে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর প্রায় ৫টার সময় কাটিহার-জোগবানি রেলপথের কসবা গুমতির কাছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার মুহূর্তে যুবকেরা হঠাৎ করেই লেভেল ক্রসিং পার হতে চাইছিলেন। তবে রেলকর্মীর গাফিলতি নাকি অসতর্কতাই মূল কারণ, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই রেলওয়ে পুলিশ মৃতদেহগুলি হেফাজতে নিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মৃতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পৌঁছনোর আগেই একজনের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত যুবক জানাতে পেরেছেন, তাঁরা জানকীনগর ভাঙ্গাহার এলাকার বাসিন্দা এবং মাখনাফোড়ি বিক্রেতা হিসেবে কাজ করতেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পুলিশ ও রেলকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পূর্ণিয়ার রেলওয়ে ম্যানেজার মুন্না কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত চলছে এবং খুব শিগগিরই আসল কারণ জানা যাবে।
প্রসঙ্গত, যোগবাণী থেকে পাটলিপুত্রগামী বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটে চলে। তাই স্থানীয় বাসিন্দারা প্রায়ই সতর্ক থাকার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু শুক্রবার ভোরের এই ট্র্যাজেডি আবারও প্রশ্ন তুলেছে— দ্রুতগামী ট্রেনের ছুটে চলা লাইনের পাশে নিরাপত্তা কতটা নিশ্চিত?







