রাজ্যজুড়ে প্রায় ১০ হাজার কিলোমিটারেরও অধিক গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হবে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে গ্রামীণ রাস্তার নির্মাণে বিশেষ নজর। এবার সেই রাস্তার নির্মাণের কাজে ডেডলাইন মুখ্য সচিবের তরফে।
নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসক,এসডিও-সহ একাধিক দফতরের সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। উক্ত বৈঠকে রাজ্যজুড়ে গ্রামীণ এলাকায় যে ১০ হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা হয়। আগামী ৩০ মার্চের মধ্যেই এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়।
ত্রিস্তর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রয়েছে রাস্তা নির্মাণের জন্য। রাজ্যকে গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য চারশো কোটি টাকার বেশি দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। তবে কেন্দ্রীয় বরাদ্দের বাইরে গিয়েও রাজ্য সরকারের তরফ থেকে গ্রামীণ পরিকাঠামো তৈরিতে রাস্তা নির্মাণের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।







