আশ্বিনের আকাশে ভাসছে শরতের মেঘ । ঢাকে কাঠি পড়ে গিয়েছে । চারিদিকে পূজো পূজো মেজাজ । তারই মাঝে মর্মান্তিক ঘটনা হুগলিতে । ঠাকুর আনতে গিয়েই মৃত্যু হলো ৩ জনের , আহত আরও তিন । হুগলির পোলবার অনন্তপুরে ঘটে দুর্ঘটনাটি ।
চন্দননগর পটুয়াপাড়ায় ঠাকুর আনতে গিয়েছিলেন পোলবার শঙ্করবাটি গ্রামের সদস্যরা। আর সেই ঠাকুর আনতে গিয়েই ঘটে দুর্ঘটনা । জানা গিয়েছে , যখন ঠাকুর আনা হচ্ছিল , তখন ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও , পৌঁছায়নি ঠাকুর আনতে যাওয়া সদস্যদের চারচাকা গাড়িটি । চালক সহ ছয়জন সদস্য ছিল ওই গাড়িতে । যখন অনেক সময় পেরিয়ে গেলেও , ওই চার চাকা গাড়িটি পৌঁছায় না , তখনই গাড়িতে থাকা একজনকে ফোন করে পূজো কমিটির অন্য এক সদস্য। ফোন তুললেই অপর প্রান্ত থেকে শোনা যায় পুলিশের গলা । তিনি পূজো কমিটির সদস্যদের জানান গাড়ির দুর্ঘটনার কথা । তারপর পূজো কমিটির সদস্যরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান । ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা সদস্যদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে ঘটনা দুর্ঘটনাটি । পুলিশের প্রাথমিক অনুমান , চন্দননগর রেল ওভার ব্রিজ থেকে নামার সময় গাড়িটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ইটের স্তুপে ধাক্কা মারে । দুর্ঘটনায় , ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। বাকি আহত চারজনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে মৃত্যু হয় আরো একজনের ।মৃতদের নাম,ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)। বাকি তিনজনের এখনো চিকিৎসা চলছে ।







