অবসান হল টানা জল্পনার। চার বছর পর আয়োজিত হতে চলা আইএফএ শিল্ডে অবশেষে অংশগ্রহণের কথা ঘোষণা করল মোহনবাগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবুজ-মেরুন শিবির স্পষ্ট করে জানিয়ে দিল, তারা নামছে এই শতাব্দীপ্রাচীন মর্যাদার আসরে। দীর্ঘ প্রতীক্ষার পর ঐতিহ্যশালী প্রতিযোগিতায় বাংলার অন্যতম সেরা ক্লাবের অংশগ্রহণে জমে উঠবে টুর্নামেন্ট, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
পুজো পরবর্তী সময়ে শুরু হবে এই আসর। ৮ অক্টোবর থেকে পর্দা উঠতে চলেছে আইএফএ শিল্ডের। ছয় দলের অংশগ্রহণের পরিকল্পনা করেছে আয়োজক সংস্থা। তিনটি আই-লিগ ক্লাব ও তিনটি আইএসএল ক্লাবকে নিয়ে সাজানো হচ্ছে প্রতিযোগিতা। ইস্টবেঙ্গল আগেই অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে মহামেডান ও ডায়মন্ড হারবার সরে দাঁড়ানোয় প্রশ্ন উঠেছিল আয়োজনের পূর্ণতা নিয়ে। তাই সবার চোখ ছিল মোহনবাগানের সিদ্ধান্তে।
এই প্রেক্ষাপটে সমর্থকদের চাপও কম ছিল না। একাধিক ফ্যান ক্লাব চিঠি লিখে আইএফএকে আহ্বান জানিয়েছিল যেন মোহনবাগানকে খেলানো হয়। এমনকি আইএফএ সচিব অনির্বাণ দত্ত ক্লাবের জবাবের অপেক্ষায় সময়সীমাও বাড়িয়েছিলেন। অবশেষে সামাজিক মাধ্যমে ঘোষণার মাধ্যমে ধোঁয়াশার ইতি টানল সবুজ-মেরুন কর্তারা। ফলে প্রতিযোগিতা নিয়ে নতুন করে আশাবাদী ফুটবল মহল।
বাইরের ক্লাবের মধ্যে ইতিমধ্যেই গোকুলাম কেরালা অংশগ্রহণের কথা জানিয়েছে। ফলে অন্তত তিনটি দলের উপস্থিতি নিশ্চিত হয়েছে। বাকি দুই আইএসএল ক্লাবের সঙ্গে আলোচনা চালাচ্ছে আইএফএ। সচিব স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়েই শিল্ড হবে। প্রয়োজনে দলসংখ্যা কম হলে বদল করা হবে ফরম্যাট। ২০২১ সালের পর ফের মাঠে ফিরতে চলা আইএফএ শিল্ড এবার সমর্থকদের কাছে আরও বিশেষ হয়ে উঠবে নিঃসন্দেহে।







