রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতবিরোধী বিষোদ্গার করলেও, বাস্তবের মঞ্চে তিনি কার্যত মুখ লুকোতে বাধ্য হলেন। সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে ভারতীয় সাংবাদিক আয়ুশি আগরওয়ালের সরাসরি প্রশ্নে থতমত খেয়ে গেলেন শরিফ। কোনও উত্তর না দিয়ে তিনি সোজা বেরিয়ে যান সভাকক্ষ থেকে।
কিন্তু আসল ধাক্কা এল ভারতের তরফ থেকে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট একেবারে কার্যকরী ‘ডিপ্লোম্যাটিক স্ট্রাইক’ চালান পাকিস্তানের বিরুদ্ধে। শরিফের বক্তব্যকে ‘অযৌক্তিক নাটক’ বলে কটাক্ষ করেন তিনি। গেহলট স্পষ্ট জানিয়ে দেন—
“পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদকে মহিমান্বিত করেছেন। এটিই তাঁদের পররাষ্ট্রনীতির মূল কেন্দ্রবিন্দু।”
তিনি আরও বলেন, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের সেনাঘাঁটিগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অথচ ইসলামাবাদ হাস্যকরভাবে সেই ক্ষতিকে ‘জয়’ বলে প্রচার করছে। গেহলটের বক্তব্যে আগুন ধরার মতো পরিস্থিতি তৈরি হয় কূটনৈতিক মহলে।
ভারতের এই কূটনীতিক পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে পাকিস্তানের দ্বিচারিতা তুলে ধরেন। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের পাক-পৃষ্ঠপোষক জঙ্গি সংগঠনকে আড়াল করার অভিযোগও তোলেন তিনি। গেহলটের কটাক্ষ, “ওই দেশটি বছরের পর বছর ধরে জঙ্গিদের আশ্রয় দিয়েছে। ওসামা বিন লাদেনকে যে পাকিস্তানই আশ্রয় দিয়েছিল, তা বিশ্ব ভুলে যায়নি।”
রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সরাসরি বিপাকে ফেলে দিয়েছে এই জবাব। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের এই দৃঢ় অবস্থান একদিকে পাকিস্তানের ভণ্ডামি প্রকাশ করেছে, অন্যদিকে সীমান্ত সন্ত্রাসবাদের প্রশ্নে দিল্লির অবস্থান আরও শক্তিশালী করল।







