খেলাধুলা

দুর্গার আশীর্বাদে নামকরণ, মেয়ে ‘উমা’র গল্পে আবেগী ইস্টবেঙ্গল কোচ ব্রুজো

কলকাতা জুড়ে যখন দুর্গোৎসবের আমেজ, তখন সেই আবহেই এক বিশেষ বার্তা শোনালেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। প্রায় ন’হাজার কিলোমিটার দূরের শহর ভিগোতে জন্ম তাঁর, কিন্তু বাংলার সংস্কৃতি তাঁর পরিবারে রেখে দিয়েছে এক স্থায়ী ছাপ। কারণ, নিজের কন্যার নামকরণেই তিনি জুড়ে দিয়েছেন মা দুর্গার নাম। এমন উদ্যোগে লাল-হলুদ সমর্থকদের কাছে যেন আরও কাছের মানুষ হয়ে উঠলেন এই বিদেশি কোচ।

ব্রুজো জানিয়েছেন, তাঁর মেয়ের নাম উমা, যা দেবী দুর্গার আর-এক নাম। বৃহস্পতিবার কলকাতার এক দুর্গাপুজো মণ্ডপে উপস্থিত থেকে তিনি বলেন, “আমার মেয়ের নাম উমা রাখা হয়েছে মা দুর্গার নামে। তাই শারদোৎসব আমার হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে। ইস্টবেঙ্গল পরিবারের তরফ থেকে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই।” আগামী ৮ নভেম্বর উমা দুই বছরে পা দেবে। জন্ম হয়েছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরায় কোচিং করার সময়।

কোচের স্ত্রী ইরার সঙ্গে আলাপ হয়েছিল ভারতে থাকাকালীন, যখন ব্রুজো ছিলেন স্পোর্টিং গোয়ার কোচ। মেয়ের জন্মের পর দু’জনেই ঠিক করেন, ভারতীয় সংস্কৃতির ছোঁয়া থাকবে নামের মধ্যেই। ফলে ‘উমা’ নামটি যেন শুধু একটি পরিচয় নয়, ভারত-বাংলার আবেগের সেতুবন্ধনও। শারদীয় উৎসব উপলক্ষে ব্রুজো এও জানান, অতীতে দুর্গা প্রতিমা দর্শন করেছেন তিনি এবং পুজোর আবহকে বিশেষভাবে উপভোগ করেন।

এদিকে, উৎসবের মাঝেই প্রস্তুতিতে কোনও শিথিলতা আনতে রাজি নয় ইস্টবেঙ্গল। চুটিয়ে অনুশীলন করলেও খেলোয়াড়দের দেওয়া হচ্ছে স্বল্প ছুটি। তবে ফুটবল-রাজনীতি ও প্রতিযোগিতার চাপের বাইরেও ব্রুজোর এই মানবিক উদ্যোগ দেখিয়ে দিল, বাংলার সংস্কৃতি বিদেশিদের হৃদয়ে কত গভীরভাবে ছাপ ফেলতে পারে। তাঁর কন্যা ‘উমা’ তাই হয়ে উঠল বাংলার প্রতি ভালোবাসার প্রতীক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.