নতুন মাইলফলক ছুঁল ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। শনিবার, ২৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে চালু হল রাষ্ট্রায়ত্ত্ব এই টেলিকম সংস্থার তৈরি ‘স্বদেশী’ ৪জি স্ট্যাক। একইসঙ্গে দেশীয় প্রযুক্তি নির্ভর ৯৭ হাজার ৫০০-র বেশি মোবাইল টাওয়ারও উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে ওড়িশার ঝারসুগুড়ায় প্রায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিএসএনএলের এই পদক্ষেপ ভারতের টেলিযোগাযোগ খাতে এক ঐতিহাসিক অগ্রগতি। তাঁর কথায়, “সীমান্তবর্তী জেলা ও প্রত্যন্ত গ্রামে যেখানে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছানো কঠিন ছিল, সেখানে এবার বড় স্বস্তি আসবে। ভারতীয় সেনারও বিশেষ উপকার হবে।”
৪জি স্ট্যাক মূলত এক যুগলবন্দী—হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের। এর ফলে আরও উন্নতমানের কল কোয়ালিটি, নিরবচ্ছিন্ন ডেটা প্রবাহ এবং শক্তিশালী ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। সম্পূর্ণ সফ্টওয়্যার-চালিত ও ক্লাউড-ভিত্তিক এই প্রযুক্তি ‘ফিউচার রেডি’। সহজেই এটি আগামী দিনে ৫জি-তে রূপান্তরিত করা যাবে।
বিএসএনএলের স্বদেশী স্ট্যাক তৈরিতে একাধিক ভারতীয় সংস্থার ভূমিকা রয়েছে। রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) তৈরি করেছে সি-ডট, হার্ডওয়্যার অংশে রয়েছে তেজস নেটওয়ার্কস, আর সফ্টওয়্যার ব্যবস্থাপনায় যুক্ত টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস)। নতুন চালু হওয়া টাওয়ারগুলির অবস্থান মূলত ওড়িশা, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, আসাম, গুজরাট এবং বিহারজুড়ে।
যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ কেবলমাত্র প্রযুক্তিগত উন্নয়ন নয়, আত্মনির্ভর ভারতের দিকে আরেকটি বড় পদক্ষেপ। কারণ, বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল না হয়ে এবার দেশীয় উদ্ভাবন দিয়েই গড়ে উঠছে পরিকাঠামো। বিএসএনএলের রজতজয়ন্তীতে চালু হওয়া এই ৪জি স্ট্যাক ভারতীয় টেলিকম খাতকে নতুন দিশা দেবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা।






