একজন দক্ষ ও অভিজ্ঞ পাইলটের জীবনের করুণ পরিণতি! আমদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। প্রায় ৩০ বছরেরও বেশি সময় আকাশে হাজার হাজার ঘণ্টা উড়ে বেড়ানো এই পাইলটের জন্য জীবন শেষ হলো আকাশেই। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ কফিনে করে পৌঁছয় মুম্বইয়ে। বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন তাঁর বাবা পুষ্করাজ সবরওয়াল ও পরিবারের অন্যান্য সদস্যরা। চোখে জল ধরে রাখতে পারেননি কেউই বাবা ভেঙে পড়েন কান্নায়।
সুমিত ছিলেন এমন একজন পাইলট যিনি শুধু প্লেন ওড়াতেন না, নতুন পাইলটদের প্রশিক্ষণও দিতেন। তাঁর বিমান চালানোর অভিজ্ঞতা ছিল ৮,০০০ ঘণ্টারও বেশি। অবসরের ঠিক আগে এমন মর্মান্তিক পরিণতি যেন বিশ্বাস করতে পারছে না পরিবার ও সহকর্মীরা।
এদিন AI-171 নম্বর বিমানটি আহমদাবাদ থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই, অজানা প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটি লোকালয়ের ওপর ভেঙে পড়ে। দুর্ঘটনার সময়ে বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। সুমিতের সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, যিনি নিজেও ছিলেন অভিজ্ঞ সহ-পাইলট।দেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নিতে হয়, কারণ দুর্ঘটনার তীব্রতায় পরিচয় চেনার উপায় ছিল না। সুমিতের মৃত্যু শুধু একটি পরিবার নয়, গোটা বিমান পরিবহন জগতের এক অপূরণীয় ক্ষতি।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেই উত্তর এখনও অধরা। তদন্ত চলছে। তবে সুমিত সবরওয়াল যেন তাঁর শেষ উড়ানেও দায়িত্বে ছিলেন অটল যেখানে শেষ হয়ে গেল তাঁর আকাশজয়ী অধ্যায়।







