খেলাধুলা

‘খেলার থেকেও মূল্যবান জীবন’, এসিএল ২ বিতর্কে নতুন যুক্তি মোহনবাগানের

এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সমর্থকদের ক্ষোভের মুখে যুক্তির বার্তা দিল মোহনবাগান। রবিবার সকালে ক্লাব সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্তের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে—“খেলার আগেও গুরুত্বপূর্ণ ফুটবলারদের জীবন।” ইরানে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত থাকায় ফুটবলারদের মতামতের ভিত্তিতেই খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব। বিবৃতিতে আরও বলা হয়েছে, “এএফসিতে খেলতে না পারায় আমরা সমানভাবে ব্যথিত। কিন্তু ঝুঁকি নিয়ে মাঠে নামা কোনওভাবেই যুক্তিসঙ্গত হতো না।”

ক্লাব কর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত কোনও তাড়াহুড়ো নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকেই নেওয়া। “ইরানে নিরাপত্তার ঘাটতি সবাই জানে। যদি খেলোয়াড়রা অস্বস্তি বোধ করেন, ম্যানেজমেন্ট তাদের জোর করতে পারে না,” জানানো হয়েছে বিবৃতিতে। পাশাপাশি সমর্থকদের উদ্দেশে বার্তা—আবেগ নয়, যুক্তির পথেই ভাবুন। “যিনি প্রতিবছর ৭০-৮০ কোটি টাকা খরচ করে দল গড়েন, তাঁর সিদ্ধান্তের পেছনেও যুক্তি আছে,” দাবি ক্লাবের।

মোহনবাগানের বক্তব্য, ভারতীয় ফুটবল এখনও পুনর্গঠনের পর্যায়ে। তবু সঞ্জীব গোয়েঙ্কার বিনিয়োগেই এশিয়ার মঞ্চে পৌঁছেছে দল। “আমরাও চাই, মোহনবাগান এশিয়ায় নিজের সাম্রাজ্য গড়ুক। তবে ফুটবলারদের নিরাপত্তা কখনও উপেক্ষা করা যাবে না,” বলা হয়েছে ক্লাবের বিবৃতিতে।

একই সঙ্গে আইএফএ শিল্ড নিয়েও অবস্থান স্পষ্ট করেছে সবুজ-মেরুন শিবির। ফিফা উইন্ডো মেনে টুর্নামেন্ট হলে অংশ নিতে আপত্তি নেই বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। “দিনের শেষে আমরা এক বৃহত্তর মোহনবাগান পরিবার। আমাদের প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয় ক্লাব ও সমর্থকদের মর্যাদা রক্ষার জন্যই।” এমন স্পষ্ট বার্তায় সমালোচনার জবাব দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল মোহনবাগান সুপার জায়ান্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.