খেলাধুলা

প্রথম জয়ে আবেগে ভাসলেন সঞ্জীব গোয়েঙ্কা, পন্থকে জড়িয়ে বার্তা— “এলএসজি পরিবারে সব ঠিক আছে”

আইপিএলে লখনউ সুপার জায়ান্টস মানেই যেন কোনও না কোনও সময়ে অধিনায়ককে ঘিরে বিতর্ক! মরশুমের শুরুতেও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছিল ঋষভ পন্থ-সঞ্জীব গোয়েঙ্কার ‘ভাইরাল ভিডিও’কে কেন্দ্র করে। কিন্তু একটি জয়েই বদলে গেল পুরো ছবিটা। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল এলএসজি। আর সেই জয়ের ঠিক পরেই চোখে জল, ভক্তিতে ভরা আবেগ— সবকিছুর প্রকাশ ঘটালেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

ঘরের মাঠের ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় লখনউ। নতুন বলে দাপট দেখান মহম্মদ শামি। প্রথম দু’ওভারে দিলেন মাত্র ৩ রান, তুলে নিলেন ২ উইকেট। পুরো স্পেলে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট— এলএসজির সুরক্ষিত ছন্দের ভিত্তি গড়ে দিল তাঁর পারফরম্যান্স।

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক ঋষভ পন্থ। তিন নম্বরে নেমে অধিনায়কের মতোই দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। ৫০ বলে অপরাজিত ৬৮— চাপের মুহূর্তে পন্থের এই ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শেষ বাঁশির পরেই ক্যামেরায় ধরা পড়ে এক আবেগঘন মুহূর্ত। স্ট্যান্ডে বসে ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। জয় নিশ্চিত হতেই তাঁর চোখে জল। নিয়ম মেনে পকেট থেকে আরাধ্য দেবতার ছবি বার করে প্রণাম করেন। তারপরই নেমে আসেন মাঠে। হাসিমুখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন পন্থকে। দু’জনের সেই দীর্ঘ কথোপকথন যেন একটি বার্তাই দিল— দলের অন্দরে কোনও ভাঙন নেই, বরং আরও ঐক্যবদ্ধ এলএসজি।

এর আগে দিল্লির বিরুদ্ধে হারের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল ল্যাঙ্গার এবং পন্থের সঙ্গে কিছুটা কঠোর সুরেই কথা বলছেন গোয়েঙ্কা। নেটিজেনদের একাংশ সেই দৃশ্যকে ২০২৪ আইপিএলের বিতর্কিত ঘটনাগুলোর সঙ্গে মিলিয়ে দেখেছিলেন। পরে এলএসজি একটি ব্যাখ্যামূলক ভিডিও শেয়ার করলেও তা নিয়েও ওঠে প্রশ্ন।

কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর শনিবারের দৃশ্য সেই জল্পনায় যেন ইতি টেনে দিল। পন্থের ফর্মে ফেরা এবং দলের প্রথম জয়— দু’টিই গোয়েঙ্কাকে স্পষ্টতই স্বস্তি দিয়েছে। এলএসজি শিবিরে এখন অন্তত একটাই বার্তা— দল একসঙ্গে, লক্ষ্য সামনে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.