ওয়েস্ট ইন্ডিজের আহমেদাবাদে আড়াই দিনেই প্রথম টেস্ট জেতার পর এবার সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। আগামী ১০ অক্টোবর থেকে দিল্লিতে শুরু হতে চলেছে এই ম্যাচ। তবে এবারের উইকেট আহমেদাবাদের উইকেটের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে বলে জানা গেছে। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ এবার ব্যাটারদের জন্য সহায়ক হবে বলে আভাস মিলেছে। প্রথম টেস্টে যেখানে সবুজ লাল মাটির পিচে ঘাস ছিল এবং পেসাররা সুবিধা পেয়েছিলেন, সেখানে দিল্লির পিচ তৈরি করা হয়েছে কালো মাটি দিয়ে, যেখানে ঘাস রাখা হয়েছে সামান্যই।
প্রথম দিন থেকেই ব্যাটাররা সুবিধা পেলেও, পিচ যত শুকোবে, স্পিনারদের প্রভাব তত বাড়তে পারে। প্রথম টেস্টে ভারতীয় বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ দুই ইনিংসে ৯০ ওভারও খেলতে পারেনি এবং ইনিংস ও ১৪০ রানে হেরেছিল। তবে দ্বিতীয় টেস্টে পিচের চরিত্র ভিন্ন হওয়ায় ব্যাটারদের ধৈর্যের পরীক্ষা হবে। প্রথম টেস্টে জয়ের পর অধিনায়ক শুভমন গিল তাঁর দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমরা একটা নিখুঁত ম্যাচ খেলেছি,” যদিও কয়েকজন ভালো শুরু করেও বড় রান করতে পারেননি। দলের বোলিং বিকল্প নিয়ে গিল বলেছিলেন, একসঙ্গে এত জন ভাল স্পিনার দলে থাকলে বোলিং পরিবর্তন করা কঠিন হয়। তবে যথেষ্ট বিকল্প থাকা খারাপ নয়। তিনি আরও জানান, গত দেড়-দু’বছরে দলের একতা অনেক বেড়েছে, যা কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করছে।







