নাগরাকাটায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ফের জনসংযোগে নামার অঙ্গীকার করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদা উত্তর আসনের সাংসদ খগেন মুর্মু। গুরুতর জখম অবস্থায় দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সাংসদ খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শঙ্কর ঘোষ বলেন,
“এই হামলা আমাদের কণ্ঠরোধের চেষ্টা। যারা রাজ্য সরকারের বন্যা মোকাবিলার ব্যর্থতা তুলে ধরছে, তাদের ভয় দেখানোই উদ্দেশ্য। কিন্তু আমি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব।”
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিজেপি বিধায়ক জানান, এই অভিজ্ঞতা তাঁকে আরও দৃঢ় করেছে মানুষের পাশে থাকার সংকল্পে।
ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, হামলার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ঘটনাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন,
“তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, ওটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা ভাঙচুর চালায়, ত্রাণ দিতে গেলে যারা পেটায়, তাদের রাজনৈতিক দল বলা হলে সেটা রাজনীতির অপমান।”
নাগরাকাটা-কাণ্ডের পর রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গে। একদিকে আহত বিজেপি নেতাদের পাশে দলের সর্বস্তরের কর্মী, অন্যদিকে হামলার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাচ্ছে গেরুয়া শিবির।







