ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।তবুও সেই সিদ্ধান্ত রোহিত শর্মার মনোবলে চিড় ধরাতে পারেনি এতটুকুও। বরং তিনি প্রমাণ করছেন, ব্যাট হাতে জবাব দেওয়াই তাঁর শেষ কথা। নির্বাচকরা ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে শুভমন গিলকে নেতা ঘোষণা করলেও, ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার এখন নিছক একজন খেলোয়াড় হিসেবেই নিজের সেরাটা দিতে প্রস্তুত। তাঁর অনুশীলনই বার্তা দিচ্ছে যে, দেশের জার্সির প্রতি তাঁর অঙ্গীকার এখনও ফুরিয়ে যায়নি।
রেভস্পোর্টজ সূত্রে খবর, রোহিত মঙ্গলবার সকালে নভি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে ব্যক্তিগত উদ্যোগে তিন ঘণ্টার বিশেষ অনুশীলন করেছেন। এই প্রস্তুতির মূল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার পিচের বাউন্স এবং গতি মোকাবিলা করা। এমনকী তিনি নেটে থাকা ৮ থেকে ১০ জন বোলারকে বারবার নির্দেশ দেন শর্ট বল করতে, যাতে কঠিনতম চ্যালেঞ্জের মোকাবিলা করা যায়। মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিও অমিত দুবেও এই বিশেষ অনুশীলনে তাঁর সঙ্গে ছিলেন। যদিও নেতৃত্ব পরিবর্তন নিয়ে রোহিত জনসমক্ষে কোনো মন্তব্য করেননি, তবে মঙ্গলবারের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি জানান যে অস্ট্রেলিয়ায় খেলতে তিনি ভালোবাসেন এবং সিরিজ জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।







