বিনোদন

৩১ লক্ষ টাকার বাইকেই মৃত্যুর পথে! না ফেরার দেশে পাঞ্জাবি গায়ক রাজীব জাওয়ান্দা, শোকস্তব্ধ সংগীতজগৎ

মাত্র ৩৫ বছর বয়সেই শেষ হল এক উজ্জ্বল জীবনের অধ্যায়। না ফেরার দেশে পাঞ্জাবি গায়ক-অভিনেতা রাজীব জাওয়ান্দা। সেপ্টেম্বরের শেষের দিকে সদ্য কেনা ৩১ লক্ষ টাকার বিএমডব্লিউ বাইক নিয়ে শিমলায় রোড ট্রিপে গিয়েছিলেন তিনি। স্ত্রী বারবার নিষেধ করলেও শোনেননি রাজীব। ২৭ সেপ্টেম্বর হিমাচলের বদ্দির কাছে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। বাইকের সামনে হঠাৎ গরু চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ছিটকে পড়েন গায়ক। শিরদাঁড়া ও মস্তিষ্কে গুরুতর আঘাত পান রাজীব। প্রথমে সোলান ভ্যালির হাসপাতালে ভর্তি হলেও পরে তাঁকে মোহালির এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা ১২ দিনের লড়াই শেষে বুধবার রাতে মৃত্যু হয় রাজীব জাওয়ান্দার। রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে।

রাজীব জাওয়ান্দা পাঞ্জাবের সংগীতপ্রেমী প্রজন্মের কাছে ছিলেন এক প্রেরণা। তাঁর জনপ্রিয় গান ‘কঙ্গানি’, ‘চাকভি মন্দির’ আজও অনুরাগীদের মুখে মুখে ফেরে। শুধু গায়ক নয়, তিনি অভিনেতা হিসেবেও প্রশংসিত হয়েছিলেন—‘সুবেদার যোগিন্দর সিং’, ‘জিন্দ জান’-এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল।

তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পাঞ্জাবি সংগীতজগৎ। দিলজিৎ দোসাঞ্ঝ, অ্যামি ভির্ক-সহ বহু তারকা শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজীবের শেষ ভিডিও, যেখানে তাঁকে নতুন বাইকে স্টান্ট করতে দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, “ভারতের রাস্তা যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে, ততক্ষণ নিরাপত্তা শুধুই ভ্রম।”

বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাবের পুনা গ্রামে সম্পন্ন হবে রাজীব জাওয়ান্দার শেষকৃত্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.