দেশজুড়ে চলছে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’–এর ঝড়। দশেরা উপলক্ষে মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই ৪৫০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে ঋষভ শেট্টি পরিচালিত তথা অভিনীত এই সিনেমা। দক্ষিণ থেকে উত্তর, সর্বত্রই বক্স অফিসে বিজয়রথ ছুটছে ছবির। তবে ব্যবসার সাফল্যের মাঝেই নয়া বিতর্কে জড়াল ‘কান্তারা’।
কর্ণাটকের উপকূলবর্তী তুলুনাড়ু অঞ্চলে ধর্মীয় ক্ষোভে ফুঁসছেন একাংশ দৈব উপাসক। তাঁদের অভিযোগ— কোটি কোটি মানুষের প্রাচীন বিশ্বাস ও পূজাপদ্ধতি নিয়ে ব্যবসা করছেন ঋষভ শেট্টি। ছবিতে ‘ধইবর্ধনে’ বা ‘ভুটা কোলা’ নামে পরিচিত প্রাচীন নৃত্যশৈলীকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁদের দাবি, এই নৃত্যই আসলে ঈশ্বরের আরাধনার অন্যতম আচার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে কর্ণাটক ও কেরলের তুলুভাষী সম্প্রদায়ের মধ্যে।
এই প্রসঙ্গে ম্যাঙ্গালুরুর বাজপে অঞ্চলের পেরারা ব্রহ্মা বলবন্দি ও পিলিচন্ডি মন্দিরে ইতিমধ্যেই প্রতিবাদ সভা করেছেন একাধিক দৈব উপাসক। তাঁরা অভিযোগ করেছেন, ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’–এ দৈব নৃত্য, দেবতার আবেশ, এবং পাঞ্জুরালি, গুলিগা ও পিলিদৈবের মতো দেবতাদের উপস্থাপনাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। এতে তাঁদের ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে।
সূত্রের খবর, বিক্ষোভকারীরা মন্দিরে আনুষ্ঠানিকভাবে সিনেমার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন। তাঁদের মতে, সিনেমার জনপ্রিয়তার পর একাংশ দর্শক এই নৃত্য ও আচারের অনুকরণ করছেন বিনোদনের উদ্দেশ্যে— যা তাঁদের কাছে ঈশ্বর ও ঐতিহ্যের প্রতি অবমাননা।
প্রসঙ্গত, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘কান্তারা’ ছবিরও মূল কেন্দ্রবিন্দু ছিল ধর্ম, আধ্যাত্মিকতা ও লোকবিশ্বাস। এবার ‘চ্যাপ্টার ওয়ান’ মুক্তির পর আবারও সেই একই বিশ্বাস-সংস্কৃতির আবহেই জন্ম নিল বিতর্কের ঝড়।
চলচ্চিত্রপ্রেমীরা যেমন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ঋষভ শেট্টিকে, তেমনই কর্ণাটকের একাংশ ধর্মীয় গোষ্ঠী এখন দাবি তুলেছেন— “ঈশ্বরকে বিনোদনের অংশ না বানিয়ে, সম্মানের সঙ্গে তাঁর ঐতিহ্য রক্ষা করা হোক।”







