খেলাধুলা

মায়ামিতে উজ্জ্বল মেসি! রোনাল্ডো-হালান্ডের ব্যর্থতা ঢেকে দিলেন আর্জেন্টাইন জাদুকর

আন্তর্জাতিক ফুটবলে যেন পেনাল্টি মিসের উৎসব! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে আর্লিং হালান্ড—সবাই একে একে ব্যর্থ পেনাল্টি স্পটে। তবে এই গোল-খরার রাতে জাদু দেখালেন লিওনেল মেসি। আমেরিকার মেজর সকার লিগে ইন্টার মায়ামির হয়ে আবারও আগুন ঝরালেন তিনি। আটলান্টার বিরুদ্ধে জোড়া গোল ও এক অ্যাসিস্টে ৪-০ ব্যবধানে জয় এনে মায়ামিকে এককভাবে উজ্জ্বল রাখলেন আর্জেন্টাইন তারকা।

অন্যদিকে, ইউরোপে বিশ্বকাপ বাছাই পর্বে দাপটের সঙ্গে জয় পেলেও পেনাল্টি মিসে বিব্রত রোনাল্ডো ও হালান্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৭৪ মিনিটে রোনাল্ডোর নেওয়া শট ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কেলেহার। শেষ পর্যন্ত রুবেন নেভেসের সংযুক্ত সময়ে গোলেই ১-০ ব্যবধানে জেতে পর্তুগাল। প্রয়াত দিয়েগো জোটাকে স্মরণ করে নেভেস তাঁর প্রিয় ২১ নম্বর জার্সি পরে গোল উৎসর্গ করেন।

স্পেন ও ইটালিও জয় পেল, যদিও পেনাল্টি মিসে ভুগতে হল তাদেরও। জর্জিয়ার বিরুদ্ধে ফেরান তোরেসের ব্যর্থতায়ও ২-০ গোলে জেতে স্পেন, গোল করেন ইয়েরেমি পিনো ও ওয়ারজাবাল। ইটালি ৩-১ ব্যবধানে হারায় এস্তোনিয়াকে—রেতেগুই পেনাল্টি মিস করেও গোল করেন, বাকিটা সারেন মইসে কিন ও এসপোসিতো।

হালান্ডের ক্ষেত্রে ছবিটা ছিল অদ্ভুত। দু’টি পেনাল্টি মিস করলেও ইজরায়েলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নরওয়ের ৫-০ জয়ে ভূমিকা রাখেন তিনি। ৪৬ ম্যাচে ৫০টির বেশি গোল—এমন রেকর্ড আর কারও নেই। কিন্তু ফুটবলের এই পেনাল্টি ব্যর্থতার সন্ধ্যায় আলো কেড়ে নিলেন মায়ামির মেসি, যাঁর বাঁ পায়ের যাদুতেই ফের জীবন্ত আমেরিকার রাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.