দেশ

সোনার বাজারে নামতে পারে ধস! সতর্ক করলেন বাজার বিশেষজ্ঞ অমিত গোয়েল, দাম নামতে পারে ৭৭ হাজারে

পাহাড়ের চূড়োয় ওঠার পর নামার পালা — এমনটাই ঘটতে পারে সোনার বাজারে। সম্প্রতি সোনার দামে হু-হু করে বৃদ্ধি দেখে যখন বেশিরভাগ বাজার বিশেষজ্ঞ আশাবাদী, তখনই ভিন্ন সুর তুলেছেন PACE 360 সংস্থার কো-ফাউন্ডার ও চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েল। তাঁর দাবি, “খুব শিগগিরিই সোনার দামে হুড়মুড়িয়ে পতন দেখা যেতে পারে।”

গত কয়েক মাসে সোনা ও রুপোর দামে রেকর্ড বৃদ্ধি দেখা গেছে। ১০ অক্টোবরের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবরের তুলনায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১,৮৬০ টাকা। কলকাতার বাজারে সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ২৯০ টাকা। পাশাপাশি রুপোর দাম প্রতি কিলোগ্রামে ছাড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা।

অমিত গোয়েলের বক্তব্য, “গত ৪০ বছরে মাত্র দু’বার এমন উল্লম্ফন দেখা গেছে, আর দু’বারই ডলার সূচক দুর্বল ছিল। দুই ক্ষেত্রেই চড়চড়িয়ে দাম বাড়ার পর ভয়ঙ্কর পতন ঘটেছিল।” তাঁর পূর্বাভাস অনুযায়ী, সোনার দাম এবার কমতে পারে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম নেমে আসতে পারে প্রায় ৭৭,৭০০ টাকায়।

রুপোর বাজারে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন তিনি। তাঁর মতে, শিল্পক্ষেত্রে (যেমন ফটোভোল্টাইক, সেমিকন্ডাক্টর ও ইভি উৎপাদন) রুপোর চাহিদা থাকলেও, মন্দার সময় সেই চাহিদা দাম ধরে রাখতে পারবে না। ফলে রুপোর দাম কমতে পারে ৫০ শতাংশ পর্যন্ত, নেমে যেতে পারে প্রায় ৭৭,৪৫০ টাকায় প্রতি কিলো।

এমন অবস্থায় বিনিয়োগকারীদের প্রতি গোয়েলের পরামর্শ, “ধীরে চলো নীতি” গ্রহণ করা জরুরি। স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের এখনই ঝুঁকি না নেওয়ার কথা বলছেন তিনি। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য তাঁর পরামর্শ — সোনার দাম প্রতি আউন্সে ২,৬০০–২,৭০০ ডলার বা ১০ গ্রামে ৮১–৮৪ হাজার টাকার সীমায় নামলে তবেই বিনিয়োগ বিবেচনা করা উচিত।

বর্তমান অস্থির বাজারে বিশেষজ্ঞদের বক্তব্য, সোনা ও রুপোর বাইরে অন্যান্য সম্পদেও বিনিয়োগের ভারসাম্য তৈরি করা প্রয়োজন। বিনিয়োগের আগে অবশ্যই সমস্ত নথি, ঝুঁকি ও বিশ্লেষণ খতিয়ে দেখা উচিত।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদন শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে তৈরি। এখানে কোনও বিনিয়োগ পরামর্শ দেওয়া হচ্ছে না। প্রতিটি বিনিয়োগেই বাজারগত ঝুঁকি বিদ্যমান। সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.