রাজনীতি

বিজেপি বিরোধী শক্তিকে একজোট হওয়ার ডাক কুণালের, ‘বাচ্চা ছেলে’ বলে পাল্টা কটাক্ষ শতরূপের

যাদবপুরের বিজয়গড়ে একাধিক সিপিএম পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনায় বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। কুণালকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করেছেন তিনি।

যাদবপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, বিজেপির মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সৈনিকরা। তাঁর দাবি, সিপিএম-সহ বিজেপি বিরোধী বিভিন্ন শক্তিকেও বিভিন্ন জায়গায় আক্রমণের মুখে পড়তে হচ্ছে। বিরোধী দলগুলির মধ্যে বিভাজন তৈরি করে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

কুণালের বক্তব্য, কিছু ‘দালাল, বেইমান ও গদ্দার’-কে দলে ভিড়িয়ে তাঁদের দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে। তাঁর মতে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান অনুযায়ী বিজেপিকেই মূল শত্রু হিসেবে চিহ্নিত করে ইস্যুভিত্তিক ভাবে সমস্ত বিরোধী শক্তির একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

কুণালের এই মন্তব্যের জবাবে শতরূপ ঘোষ বলেন, “কুণাল ঘোষ তো বাচ্চা ছেলে।” তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান সত্ত্বেও তৃণমূলের লোকেরাই এখন এক ছাতার তলায় আসছেন না। সেখানে তৃণমূলের বাইরের অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যের প্রশ্নই বা উঠছে কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শতরূপের বক্তব্য, বিজেপি সিপিএমের পার্টি অফিস ভাঙচুর করে থাকলে তাঁরা নিজেদের কার্যালয় ফের গড়ে নেবেন। কিন্তু তৃণমূলের ভিতরেই যখন দল ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন সেই দলকে কে ফের একজোট করবে, সেই প্রশ্নও তোলেন তিনি। তবে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ঐক্যের প্রয়োজন নেই—এমনটা তিনি মনে করেন না বলেও জানান।

প্রসঙ্গত, শনিবার বিজয়গড়ে যাদবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার এবং ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা ঘোষের বাড়িতে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ। বাড়ির সিসিটিভি ক্যামেরা এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। বাধা দিতে গেলে তাঁর দাদাকে ধাক্কা দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে, বিজয়গড় বাজারের দলীয় কার্যালয়ের পাশাপাশি বাঘাযতীনের কুসুম কানন ও বাপুজিনগর এলাকাতেও সিপিআইএমের একাধিক পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা দলীয় পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। ৯৬ নম্বর ওয়ার্ডে থাকা একটি শহিদবেদিও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.