জেলারাজনীতি

পারফরম্যান্সেই পদ! বাঁকুড়া-বিষ্ণুপুরে স্পষ্ট বার্তা অভিষেকের

নিজস্ব সংবাদদাতা:
পারফরম্যান্সের নিরিখেই তৃণমূল কংগ্রেসে আগামী দিনে নেতৃত্ব নির্ধারিত হবে—এমনই স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্যালকাটা ক‌্যামাক স্ট্রিটে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান, কর্মক্ষম ও সক্রিয় নেতৃত্বকেই সামনে আনা হবে। সংগঠনে নিষ্ক্রিয়তার কোনও স্থান থাকবে না।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সামনে রেখেই এই বৈঠক হয়। ওই দুই লোকসভা কেন্দ্রে বিজেপি মাত্র ১ শতাংশেরও কম ব্যবধানে এগিয়ে ছিল। এই পরিসংখ্যান উল্লেখ করে অভিষেক জেলা নেতৃত্বকে সতর্কবার্তা দেন। তাঁর স্পষ্ট বক্তব্য—“এখন থেকেই সাবধান হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পগুলি নিয়ে আরও গভীরভাবে মানুষের কাছে পৌঁছন। এই সামান্য ব্যবধানই ভবিষ্যতের বড় লড়াইয়ে নির্ণায়ক হয়ে উঠতে পারে।” বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ শীর্ষ নেতৃত্ব।

অভিষেকের বার্তা অনুযায়ী—

জেলায় সাংগঠনিক শক্তি বাড়াতে হবে সমন্বয়ের মাধ্যমে।

পুরনো কর্মীদের যথাযথ গুরুত্ব দিয়ে জনসংযোগ বাড়াতে হবে।

মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের পথে যেতে হবে।

জঙ্গলমহল অঞ্চলে সরকারি প্রকল্পগুলির প্রচার আরও জোরদার করতে হবে।

তিনি স্পষ্ট নির্দেশ দেন, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বুথভিত্তিক কর্মসূচি ও ছোট ছোট সভা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। একইসঙ্গে জানান, সাংগঠনিকভাবে জেলা আরও মজবুত করতে নতুন মুখ তুলে আনা হবে।

অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, যাঁরা নিজের বুথে হেরেছেন, তাঁদের অবিলম্বে পদ থেকে সরিয়ে দিতে হবে। ব্লক সভাপতির পদ নিয়ে কোনও আপত্তি থাকলে তা লিখিত আকারে জমা দেওয়া যাবে, কিন্তু প্রকাশ্যে বিরোধিতা বা গোষ্ঠীদ্বন্দ্ব কোনওভাবেই সহ্য করা হবে না।

বৈঠকে দুই কেন্দ্রের টাউন ও ব্লক সভাপতি পদে পরিবর্তন ও পরিমার্জন নিয়েও আলোচনা হয়। দলের সর্বস্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে সাংগঠনিক শক্তি বাড়ানোই মূল লক্ষ্য বলে স্পষ্ট বার্তা দেন অভিষেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.