কলকাতা: বৃহস্পতিবার সকালেই চাঞ্চল্যকর দুর্ঘটনা নিমতলা ঘাট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে গঙ্গার জলে তলিয়ে গেল একটি সাদা রঙের গাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আচমকা নিমতলা শ্মশানঘাটের দিক থেকে জলে কিছু একটা পড়ার শব্দ পান স্থানীয়রা। কাছে গিয়ে দেখেন, গঙ্গার মাঝ বরাবর একটি গাড়ি ডুবে যাচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক গার্ড ও জোরাবাগান থানার পুলিশ। শুরু হয় উদ্ধার অভিযান। ক্রেন ও ডুবুরি দল নামিয়ে গাড়িটি তোলার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, হ্যান্ডব্রেক না টানার কারণেই গাড়িটি গঙ্গায় গড়িয়ে পড়ে। জানা গেছে, অমিত আগরওয়াল নামের এক ব্যক্তি তাঁর মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। তাঁদের গাড়িটি নিমতলা ঘাটে দাঁড় করানো ছিল। ঢালু ঘাটে হ্যান্ডব্রেক না থাকায় গাড়িটি ধীরে ধীরে গড়িয়ে গঙ্গার দিকে নেমে যায়।
গাড়িটি জলে নামতে দেখে ঘাটে থাকা কয়েকজন স্থানীয় বাসিন্দা সেটি আটকানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। গাড়িটি গঙ্গার মাঝামাঝি গিয়ে তলিয়ে যায়। এ ঘটনায় গঙ্গার ধারে শুয়ে থাকা চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এক মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে গাড়িটি এতদূর পর্যন্ত গড়িয়ে গিয়ে মাঝগঙ্গায় তলিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
উদ্ধারকাজ চলছে, ঘটনার তদন্তে নেমেছে জোরাবাগান থানার পুলিশ।







