দেশ

মৃত্যুদণ্ডের পদ্ধতি নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট: ফাঁসির বদলে প্রাণঘাতী ইঞ্জেকশনের দাবি

দেশের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি কি এবার বদলাতে চলেছে? ফাঁসির সাজার বদলে আরও দ্রুত এবং কম যন্ত্রণাদায়ক পদ্ধতি হিসেবে প্রাণঘাতী ইঞ্জেকশন (Lethal Injection) চালু করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। এই মামলায় আবেদনকারীরা বলছেন, মৃত্যুদণ্ডের বর্তমান পদ্ধতি অর্থাৎ ফাঁসি দেওয়াটা অত্যন্ত নৃশংস এবং এতে সাজাপ্রাপ্ত বন্দিকে কমপক্ষে ৪০ মিনিট ধরে কষ্ট পেতে হয়। এর চেয়ে দ্রুত মৃত্যু নিশ্চিত করার জন্য প্রাণঘাতী ইঞ্জেকশন অনেক বেশি মানবিক।

আবেদনকারী পক্ষের আইনজীবী ঋষি মালহোত্রা বেঞ্চের কাছে দাবি করেছেন, অন্তত বন্দিদের দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক। তিনি তুলে ধরেন যে বিশ্বের বহু দেশ, এমনকি আমেরিকাতেও (৫০টি রাজ্যের ৪৯টিতে) এই পদ্ধতি চালু আছে। এটি ফাঁসির চেয়ে দ্রুত এবং কম যন্ত্রণাদায়ক। অথচ, কেন্দ্রীয় সরকার একটি হলফনামা দিয়ে এই ধরনের পরিবর্তনের তীব্র বিরোধিতা করেছে। সরকারের তরফে আইনজীবী সনিয়া মাথুর জানান, বন্দিদের বাছাই করার সুযোগ দেওয়ার সঙ্গে নীতিগত বড় সিদ্ধান্ত জড়িত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানিতে আদালত সরকারের মনোভাব নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “সমস্যা হল সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত নয। ফাঁসি অত্যন্ত পুরনো পদ্ধতি, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলেছে।” সরকারের অনীহার কারণেই এই পরিবর্তন থমকে আছে বলে মনে করছে আদালত। এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি আগামী ১১ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.