নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের এখনও মাস সাতেক বাকি। তবুও রাজনৈতিক তাপমাত্রা ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী রাজ্যে। যদিও এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এরই মাঝে কার্যত নিজের প্রার্থীতার ইঙ্গিত দিয়ে খবরের শিরোনামে উঠে এলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়ক, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা।
রবিবার ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই কার্যত নিজের নাম ঘোষণা করে দেন তিনি। অশোক দিন্দা বলেন,
“ভারতীয় জনতা পার্টিতে কে কোথা থেকে দাঁড়াবে, তা বলা যায় না। তবে আমি আপনাদের বলে যাচ্ছি— ২০২৬ সালে ময়নাতে অশোক দিন্দাই দাঁড়াবে। ৯৯.০০৯ শতাংশ আমিই প্রার্থী হব। আপনারা আমার সঙ্গে থাকুন।”
দিন্দার এই ঘোষণার পর মঞ্চ জুড়ে হাততালির ঝড় ওঠে। উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
নিজেকে ফের ময়নার প্রার্থী হিসেবে দেখার কারণও স্পষ্ট করে দেন তিনি। বলেন,
“গত সাড়ে চার বছর ধরে ময়না বিধানসভাতেই আছি। মানুষের সমস্যার পাশে থেকেছি, তাঁদের কথা ভেবেছি।”
এদিন ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়েও মুখ খোলেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি,
“বাংলায় এবার এসআইআর হবে। ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষের নাম বাদ যাবে। সেই সময় তৃণমূল কংগ্রেস দুমড়ে-মুচড়ে পড়বে।”
উল্লেখযোগ্যভাবে, এর একদিন আগেই তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল সাঁইথিয়ার বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লীলাবতি সাহার নাম ঘোষণা করেছিলেন।
অর্থাৎ, নির্বাচন সামনে রেখে দুই শিবিরেই এখন শুরু হয়ে গেছে প্রার্থী দৌড়— একদিকে অশোক দিন্দার আত্মবিশ্বাসী ঘোষণা, অন্যদিকে অনুব্রতের দলীয় প্রার্থী বাছাই। রাজনৈতিক মহল বলছে, এই দুই ঘোষণাই স্পষ্ট করে দিচ্ছে— ২০২৬-এর লড়াই শুরু হয়ে গিয়েছে মাঠের মধ্যেই।







