জেলারাজনীতি

গলসিতে দরজা বন্ধ ঘরে টাকা ভাগবাটোয়ারা! ভাইরাল ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান:
দরজা বন্ধ কেবিনের ভেতরে কাঁড়ি কাঁড়ি টাকার ভাগবাটোয়ারা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য গলসি থেকে কলকাতা পর্যন্ত। ভিডিওতে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই, গলসি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায়, ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল— তিনজনই এক টেবিলে বসে বাণ্ডিল বাণ্ডিল টাকা ভাগ করছেন বলে দাবি বিজেপির।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, “দরজা বন্ধ ঘরে বসে কাটমানির টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা।” জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “তৃণমূল কংগ্রেসের মূল ভিত্তিই কাটমানি ও তোলাবাজি। ভিডিওতে যে টাকা ভাগ হচ্ছে, তা-ও নিশ্চয়ই কাটমানির অর্থ। এই ঘটনায় ইডি তদন্ত হওয়া উচিত।”

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাঁদের বক্তব্য, “লোকসভা ভোটের সময় দলীয় সভার জন্য প্যান্ডেল, মাইক ও অন্যান্য খরচ বাবদ যাঁদের পাওনা ছিল, তাঁদের সেই টাকা পরিশোধ করা হচ্ছিল। হিসাবও খাতায় নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে অনৈতিক কিছুই নেই।”

তৃণমূলের পক্ষ থেকে আরও দাবি, পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরার আওতায় হয়েছিল। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিওটি বিকৃতভাবে ছড়িয়ে গলসির তৃণমূল নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে গলসি ১ পঞ্চায়েত সমিতির কার্যত সর্বেসর্বা অনুপ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ পার্থ মণ্ডল বিধায়ক নেপাল ঘোড়ুইয়েরও ছায়াসঙ্গী হিসেবে পরিচিত। প্রশাসনিক সূত্রে খবর, পার্থ মণ্ডলকে রাজ্য সরকার নিরাপত্তাও দিয়েছে।

ভিডিওর সত্যতা এখনও যাচাই করেনি সময় 365, তবে ভাইরাল হওয়া এই দৃশ্য ঘিরে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.