জেলা

গোবরডাঙা স্টেশনে চাঞ্চল্য: প্ল্যাটফর্মে দাঁড়িয়ে না থেমেই ছুটল এসি লোকাল, আতঙ্কে যাত্রীরা!

অফিস টাইমে ভিড়ভাট্টা ট্রেনে এমন অভিজ্ঞতা যে কারও ঘুম উড়িয়ে দেবে। বুধবার সন্ধেয় বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশনে ঘটল এক রোমহর্ষক ঘটনা। শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেও না থেমে, দরজা না খুলেই প্রায় তিনশো মিটার এগিয়ে যায়। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট নাগাদ। অফিস ফেরা ভিড়ের চাপে গিজগিজ করছে ট্রেনের প্রতিটি কামরা। গোবরডাঙা স্টেশনে ঢোকার পর যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই দেখা যায়, দরজা খুলছে না! প্রথমে অনেকে ভেবেছিলেন টেকনিক্যাল সমস্যা, কেউ কেউ দরজার সেন্সর পর্যন্ত চেক করতে শুরু করেন। কিন্তু হঠাৎই ট্রেন ছেড়ে দেয় স্টেশন!
আতঙ্কে চেঁচিয়ে ওঠেন বহু যাত্রী। এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। দেখি দরজা খুলছে না, তার পরেই ট্রেন ছুটে গেল! ভিতরে দু’জন রোগীও ছিলেন। আমরা ভয় পেয়ে যাই। মাইক দিয়ে গার্ডকে বারবার জানাই, কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি।”
চোখের নিমেষে ট্রেন তিনশো মিটার এগিয়ে যায়। কয়েক মিনিট পর ট্রেনের ভিতরে ঘোষণায় জানানো হয়, ট্রেন ব্যাক করে ফিরবে প্ল্যাটফর্মে। অবশেষে প্রায় কুড়ি মিনিট পর ট্রেনটি ফিরে আসে গোবরডাঙা স্টেশনে। তখন খোলা হয় দরজা, নামেন যাত্রীরা। কিছুক্ষণ পর ফের ট্রেন ছাড়ে বনগাঁ হয়ে রানাঘাটের দিকে।
এই ঘটনায় যাত্রীদের ক্ষোভ তীব্র আকার নিয়েছে। প্রশ্ন উঠছে, “যদি ভিতরে সিসিটিভি থাকে, গার্ড বা চালক কেন বুঝতে পারলেন না যে দরজা খুলছে না?” যাত্রীদের অভিযোগ, ঘটনাকালে ট্রেনের ভিতরে কোনও আরপিএফ বা টিকিট চেকার উপস্থিত ছিলেন না।
রেল সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে যাত্রীদের আশঙ্কা, “এই ধরনের ত্রুটি যদি আবার ঘটে, বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
রেল কর্তৃপক্ষের তরফে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে — এমন একটি ত্রুটি যদি অফিস টাইমের ভিড় ট্রেনে ঘটে, তবে ভবিষ্যতে বিপদ কতটা ভয়ানক হতে পারে, ভাবলেই শিউরে উঠছেন সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.