বিদেশবিশ্ব

মেক্সিকো জুড়ে জেন জি–র বিক্ষোভে উত্তাল দেশ, প্রেসিডেন্টের বাসভবনে হামলা — মেয়র খুনের জেরে ফুঁসে উঠেছে যুবসমাজ

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অরাজকতা—দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটল মেক্সিকো জুড়ে। শনিবার দেশজুড়ে রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখাল জেন জি তরুণ-তরুণীরা। হাতে ‘জেনারেশন জেড’ লেখা পোস্টার, মুখে স্লোগান— “সরকার কার্লোসকে হত্যা করেছে”—প্রেসিডেন্টের বাসভবনের সামনে উত্তাল প্রতিবাদে রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়।

উরুয়াপেনের জনপ্রিয় মেয়র কার্লোস মানজোকে ১ নভেম্বর খুন করা হয়। দুর্নীতি দমন ও নাগরিকদের সমস্যার সমাধানে ধারাবাহিক পদক্ষেপের জন্য পরিচিত ছিলেন কার্লোস। অভিযোগ, সরকারের একাংশের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে খুন হতে হয়েছে। এরপরই দেশব্যাপী ক্ষোভ তীব্র হয়ে ওঠে। তরুণদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বহু সাধারণ মানুষও।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে ‘চিনপন্থী’ হওয়া, প্রশাসনকে অকার্যকর করে তোলা এবং দুর্নীতি বাড়িয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। মেয়র হত্যার ঘটনায় সেই সমালোচনা আগুনে ঘি ঢালে। শনিবার রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টের দফতর ঘিরে ফেলে বিক্ষোভকারীরা। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পাল্টা পাথর ছোড়ে আন্দোলনকারীরা।

মেক্সিকো সিটির নিরাপত্তা সচিব পাবলো ভাজকোয়েজ জানান, সংঘর্ষে অন্তত ১০০ জন পুলিশ জখম হয়েছেন। ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন নাগরিক। গ্রেফতার করা হয়েছে প্রায় ২০ জনকে।

আন্দোলনের ময়দানে হাজির ছিলেন নানা বয়সের মানুষ। এক ৪৩ বছরের মহিলা চিকিৎসক বলেন, “দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতিদিন খুন-সহিংসতা বাড়ছে। সরকার কোনও পদক্ষেপই করছে না। নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে সাধারণ মানুষের।”

যদিও সরকারের দাবি, এই প্রতিবাদের নেপথ্যে রয়েছে বিরোধীদের চক্রান্ত। জেন জি আন্দোলনকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ শাসকদলের।

মেক্সিকোতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। মেয়র খুনের বিচার ও প্রশাসনিক শুদ্ধিকরণের দাবিতে যুবসমাজের এই জোয়ার যে এত সহজে থামবে না, তা স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.