জেলা

তিন বন্ধুর সঙ্গে মোবাইল কিনতে বেরিয়ে নিখোঁজ! তিন দিন পর পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে তিন দিন নিখোঁজ থাকার পর এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত যুবকের নাম দীপক ভুঁইয়া (২৫)। বৃহস্পতিবার সকালে উড়াল চাঁদপুর ঘোষপাড়া এলাকার পানা পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। রহস্যজনক এই মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্নের পাহাড় পরিবার ও প্রতিবেশীদের মনে।

পরিবার সূত্রে জানা যায়, তিন দিন আগে দীপক তিন বন্ধুকে সঙ্গে নিয়ে মোবাইল কিনতে বেরিয়েছিলেন। রূপচাঁদ মোদী, বাপন মোদী ও রাজু মোদী—এদের সঙ্গে ধান পোঁতা এলাকার একটি মোবাইল দোকানের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই সফর থেকে ফিরে আসে তিনজন, ফিরতে পারেননি দীপক। বন্ধুরা জানান, দোকান থেকে বের হওয়ার পরে দীপক আচমকাই উধাও হয়ে যায়। তবে পরিবার এই দাবি মানতে নারাজ।

দীপকের বাবা রামকৃষ্ণ ভুঁইয়ার অভিযোগ, “মোবাইল কিনতে গেলে তিনজন ফেরত এল, আমার ছেলে এল না কেন? নিশ্চয়ই ওদের কিছু জানা আছে।” একই অভিযোগ মৃতের কাকারও। পরিবার আশঙ্কা করছে, দীপকের মৃত্যু নেহাতই দুর্ঘটনা নয়, এর নেপথ্যে কোনও অসৎ চক্র বা বিরোধ থাকতে পারে।

স্থানীয় মানুষদের বক্তব্য, নিখোঁজের পর থেকেই তাঁরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে পুকুরে ভাসতে দেখা যায় দীপকের দেহ। খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি তিন বন্ধুকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান—এটি রহস্যজনক মৃত্যু। কীভাবে পুকুরে পড়ে মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরিষ্কার হবে।

ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা ঘোষপাড়া এলাকায়। পরিবারের দাবি, “দীপকের মৃত্যুর সম্পূর্ণ দায় ওই তিন বন্ধুর।” পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.