কলকাতা

দফায় দফায় আন্দোলনে অগ্নিগর্ভ সিইও দফতর, মধ্যরাত পর্যন্ত ‘ঘেরাও’ উত্তেজনা — মুখোমুখি তৃণমূল-বিজেপি

সকাল থেকেই কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে উত্তেজনা থামার নাম নেয়নি। কখনও বিএলও, কখনও বা শিক্ষক—একের পর এক সংগঠনের অংশগ্রহণে জমে ওঠে প্রতিবাদ-বিক্ষোভ। বেলা গড়াতে গড়াতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা মধ্যরাত পর্যন্ত অটুট ছিল। সিইও দফতরের সামনেই স্লোগানে ঢেকে যায় গোটা এলাকা। আন্দোলনকারীদের একাংশকে ‘তৃণমূলপন্থী’ বলেই দাগিয়ে দিয়েছেন বিরোধী শিবিরের সদস্যরা।

মধ্যরাতেও দফতরেই ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অভিযোগ, কার্যত তাঁকে ‘ঘেরাও’ করে রেখেছিলেন আন্দোলনকারীরা। যদিও উপস্থিতদের মধ্যে প্রকৃত বিএলও মাত্র তিন থেকে চার জন, বাকিরা শিক্ষক। তাঁদের দাবি, সহকর্মী বিএলও-দের সমর্থনেই তাঁরা পথে নেমেছেন। বিএলও-দের উপর চাপ, অসুস্থ হয়ে পড়া এবং আত্মঘাতী ঘটনার প্রতিবাদেই এই আন্দোলন।

সিইও-র দফতরে উত্তেজনার খবর পেয়ে মধ্যরাতেই ছুটে যান বঙ্গ বিজেপির সজল ঘোষ-সহ একটি প্রতিনিধি দল। তাঁদের উদ্দেশ্য ছিল সিইও-কে নিরাপদে দফতর থেকে বের করে আনা। তবে সেই সময়ই তৃণমূলপন্থী আন্দোলনকারীদের সঙ্গে বিজেপির তীব্র বাগ্‌যুদ্ধ ও স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের আশঙ্কা তৈরি হতেই ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। লালবাজার থেকেও আনা হয় অতিরিক্ত বাহিনী।

দফতর থেকে সিইও-কে বের করে এনে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। এখন কে ঠান্ডায় বসে থাকল, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।” একই সঙ্গে তিনি দাবি করেন, “রাজ্য সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীর মুখে বুড়ো আঙুল দেখিয়েছেন। ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও বিএলও-রা ২৭-২৮ তারিখের মধ্যেই কাজ শেষ করবেন।”

বিজেপি প্রতিনিধিরা ফিরে যেতেই ‘গো ব্যাক’ স্লোগানে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এক শিক্ষক-সমর্থক বলেন, “আমরা ভুয়ো নই। বিএলও-দের অসহনীয় চাপ কমানোই আমাদের দাবি। এটা কি ভুল?”
সোমবার রাতের ঘটনাবলি রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.