জেলা

সিভিকের নাকের ডগায় কালীমন্দিরে চুরির হানাহানি! উধাও ৪ লক্ষ টাকার সোনা-মুকুট

অনুপম জানা, নিজস্ব সংবাদদাতা:
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খুরশি গ্রাম পঞ্চায়েতের টাকলা অঞ্চলে ঐতিহ্যবাহী কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শতাধিক বছরের পুরনো এই মন্দিরে প্রতিদিন বহু ভক্তের আনাগোনা। কিন্তু মঙ্গলবার গভীর রাতে কে বা কারা মন্দিরের ভিতরে ঢুকে প্রায় চার লক্ষ টাকার সোনা-মুকুট সহ মায়ের বেশ কয়েকটি অলংকার ও মূল্যবান উপকরণ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, উঠেছে নিরাপত্তা অবহেলার অভিযোগও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই রাতের সময় মন্দির চত্বরে সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত থাকেন। কিন্তু অভিযোগ, সোমবার রাতেই ডিউটির সময়সীমা শেষ না হওয়া সত্ত্বেও ভলেন্টিয়াররা নাকি আগেই বাড়িতে ফিরে যান। ঠিক সেই ফাঁকেই ঘটে বিপত্তি। চোরেরা নিঃশব্দে মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং মায়ের অলংকার উধাও করে দেয়। বুধবার ভোর ছ’টায় মন্দিরের পুরোহিত প্রথম তালা ভাঙা দেখতে পান। ভিতরে ঢুকেই তিনি লক্ষ্য করেন, মায়ের সিংহাসন ফাঁকা, গহনা ও মুকুট নেই। সঙ্গে সঙ্গেই খবর যায় নারায়ণগড় থানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিকসহ তদন্ত শুরু করেছে। মন্দিরের আশপাশের বাড়ি ও দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিক। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ফলে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেড়েছে স্থানীয় মানুষের মধ্যে। গ্রামবাসীদের প্রশ্ন— রোজ রাতেই সিভিক পাহারা থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এমন চুরি? নিরাপত্তা কি শুধুই কাগজে-কলমে?

এলাকার একাংশের দাবি, মন্দির ও গ্রামাঞ্চলে আরও কঠোর নজরদারি এবং সিসিটিভি স্থাপন জরুরি। কেউ দেখলেই ধরছে না, ফুটেজ নেই— চোরেরা তাই সুযোগ নিচ্ছে। ভক্তদের কণ্ঠে একটাই আবেদন— প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, এবং পবিত্র দেবস্থানের প্রতিটি চুরি হওয়া অলংকার যেন দ্রুত উদ্ধার হয়।

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ দুই-ই চরমে পৌঁছেছে। গ্রামের আকাশে ভেসে বেড়াচ্ছে একটাই প্রশ্ন— মায়ের হারানো মুকুট কি আর কখনও ফিরে আসবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.