দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীনই ভারতীয় ক্রিকেট শিবিরে জোড়া বড় খবর। একদিকে যেমন আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো, তেমনই অন্যদিকে চোট সারিয়ে দলে ফিরলেন তারকা ব্যাটার শুভমন গিল এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের বিরতিতে রায়পুরের স্টেডিয়ামের মাঠেই এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নতুন টি-২০ বিশ্বকাপের জার্সিটি প্রকাশ্যে আনা হয়। আগামী বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মার হাত ধরে এই জার্সি উন্মোচন হয়। তাঁর সঙ্গে ছিলেন তরুণ ব্যাটার তিলক বর্মা। রোহিত এই উপলক্ষে দলের প্রতি শুভকামনা জানান এবং বিশ্বাস প্রকাশ করেন যে ক্রিকেটারেরা নিজেদের সেরাটা উজাড় করে দেবেন। তবে টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমন গিল দুজনেই বিভিন্ন কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। জার্সি উন্মোচনের দিনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দলে দুটি বড় প্রত্যাবর্তন শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া ভারতীয় ফ্যানদের স্বস্তি দিয়েছে। চোটের কারণে টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে দূরে থাকার পর, শুভমন গিল এই সিরিজের সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরলেন। তবে বিসিসিআই জানিয়েছে, তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠলেই কেবল মাঠে নামবেন।
এশিয়া কাপ চলাকালীন চোট পাওয়া হার্দিক পান্ডিয়াও এবার পুরোপুরি ফিট হয়ে টি-২০ দলে ফিরে এসেছেন, যা নিঃসন্দেহে দলের শক্তি বাড়াল।
টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য এই সিরিজগুলোই শেষ প্রস্তুতি। নির্বাচকরা আশা করছেন, এই সিরিজগুলো থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।







