খেলাধুলা

ফুটবল সমর্থকদের জন্য সুখবর: দ্রুতই শুরু হচ্ছে দেশের শীর্ষ লিগ! ক্লাবগুলোকে প্রস্তুতি নিতে বলল ক্রীড়ামন্ত্রক

ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ শুরু নিয়ে অবশেষে আশার আলো দেখাল কেন্দ্রীয় সরকার। দ্রুতই দেশের ফুটবল মরশুম শুরু হতে চলেছে,বুধবার ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পর এমনটাই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তবে কীভাবে এই লিগগুলি অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা এখনও প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতেই সেই ‘রোডম্যাপ’ জানানো হবে।

বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ভারতীয় ফুটবলের সমস্ত অংশীদারদের (স্টেকহোল্ডার) সঙ্গে দফায় দফায় আলোচনায় বসে। প্রথমে আইএসএল ক্লাবগুলোর সঙ্গে, পরে আই লিগ ক্লাব, বিভিন্ন সম্প্রচারকারী সংস্থা এবং সর্বশেষে ফেডারেশন কর্তাদের সঙ্গে বৈঠক করা হয়। দিনের শেষে ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য সব পক্ষকে নিয়ে একটি চূড়ান্ত বৈঠকে মিলিত হন। সূত্রের খবর, বৈঠকে ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য দেশের বর্তমান ফুটবল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ক্লাবগুলির কাছে জানতে চান, এত বড় ফুটবলপ্রেমী দেশে কেন প্রথম সারির লিগ আয়োজিত হচ্ছে না? সমস্যাটা ঠিক কোথায়? জবাবে বিভিন্ন ক্লাব সুপ্রিম কোর্টের আইনি জটিলতা এবং স্পনসরের অভাবের মতো কারণগুলো তুলে ধরে।

সব শুনে ক্রীড়ামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, “এত বড় দেশে ফুটবল হওয়া উচিত।” তিনি ক্লাবগুলোকে নিজেদের মতো করে দ্রুত প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন এবং আশ্বাস দেন যে ফুটবল মরশুম খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। যদিও লিগ পরিচালনার পদ্ধতি বা রোডম্যাপ সম্পর্কে মন্ত্রক কিছু জানায়নি। বৈঠকে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি-র পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় যে, ক্লাবগুলো নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে লিগ আয়োজন করতে পারে। আবার দিল্লি এফসি-র কর্তা রণজিৎ বাজাজ ২০টি দলকে নিয়ে একটিই মাত্র লিগ করার প্রস্তাব দেন। তবে এই প্রস্তাবগুলো নিয়ে ক্রীড়ামন্ত্রক কোনো মন্তব্য করেনি। বৈঠকের পরে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, আলাদা করে লিগ করার এই প্রস্তাবে তাদের কোনো সমর্থন নেই। সামগ্রিকভাবে ক্লাবগুলো কেন্দ্রীয় মন্ত্রকের আশ্বাসে যথেষ্ট স্বস্তি পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.