দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ‘সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। ৩৭ বছর বয়সেও বাইশ গজে যেমন তাঁর দাপট অব্যাহত, তেমনই মাঠের বাইরেও এক নতুন ব্যবসায়িক ইনিংস শুরু করলেন তিনি। এক বিশাল অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করে খেলাধুলোর পোশাক প্রস্তুতকারী এক স্টার্টআপ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
কয়েক মাস আগেই একটি বিখ্যাত ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আট বছরের পুরোনো সম্পর্ক ছিন্ন করেছিলেন কোহলি। ২০১৭ সালে সেই সংস্থাটির সঙ্গে তাঁর ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল। এবার সেই সংস্থা বিরাট কোহলিকে নতুন করে ৩০০ কোটি টাকার একটি আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বিরাট কোহলি নতুন পোশাক প্রস্তুতকারী স্টার্টআপ সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন। জানা গেছে, এই সংস্থার অংশীদারিত্বও থাকছে তাঁর কাছে।
রবিবার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার আগে সমাজ মাধ্যমে নিজের এই নতুন উদ্যোগের কথা ভক্তদের কাছে তুলে ধরেন কোহলি। তিনি লিখেছেন “এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার কথা প্রথমবার শোনার পরই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। অ্যাজিলিটাস স্পোর্টসে যাঁরা রয়েছেন এবং খেলাধুলোর পোশাক তৈরির জন্য তাঁদের যে পরিকল্পনা, সেটা খুবই দারুণ। সব মিলিয়ে আমার মনে হয়েছে এটা বেশ বড় একটি উদ্যোগ হতে চলেছে।”
এই পদক্ষেপের মাধ্যমে কোহলি প্রমাণ করলেন, কেবল মাঠের খেলাই নয়, ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রেও তিনি নিজস্ব পথেই চলতে পছন্দ করেন।







