ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস হল দুর্ঘটনার শিকার। শুক্রবার বিকেলে হাওড়ার শালিমার স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনচ্যুত হয়েছে একাধিক বগি। তবে হতাহতের সংখ্যা এখনো অস্পষ্ট।
সূত্রের খবর অনুযায়ী, দুপুর ৩টে বেজে ১৫ মিনিট নাগাদ হাওড়ার শালিমার স্টেশন থেকে রওনা হয় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রায় বিকেল সওয়া ৫ টায় খড়্গপুর স্টেশন ছাড়ায় ট্রেনটি। সন্ধ্যা সাড়ে ৬ টায় পৌঁছায় বালেশ্বরে। তারপরই বনগাঁ বাজার এর কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় ২৩ বগির এই যাত্রীবাহী ট্রেনটি। তবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা যাত্রীদের হতাহতের খবর কিছুই পাওয়া যায়নি এখনো।
দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি জানিয়েছেন, বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস কোনো দুর্ঘটনায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এবিষয়ে কোনো সুনির্দিষ্ট খবর এখনো পর্যন্ত পাননি তারা। তারা জানার চেষ্টা করছেন, খবর পাওয়া গেলে তৎক্ষণাৎ জানানো হবে।
স্থানীয় সূত্র জানিয়েছে যে করমন্ডল এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষে পড়ে, যার ফলে করমন্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি ছাড়া বাকি সব কামরাই লাইনচ্যুত হয়। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালবাহী গাড়িতে উল্টে যায়।







