স্পেশাল ইনটেনসিভ রিভিশন মামলার শুনানিতে বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা ও দায়িত্ব নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের স্পষ্ট দাবি বিএলওদের ওপর কোনরকম অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। তাদের কাজ সম্পূর্ণ মাঠপর্যায়ের, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হয়, তাই তাদেরকে কাজের স্বাধীনতা দিতে হবে। পাশাপাশি কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে যৌথভাবে এই BLO-দের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দল বিএলওদের ওপর চাপ দিচ্ছে। এমনকি সম্প্রতি সময় কলকাতায় সিইও অফিস ঘেরাওয়ের ঘটনা আদালতের সামনে তুলে ধরে। সেই যুক্তি খারিজ করে প্রধান বিচারপতি। এছাড়াও শুনানিতে কমিশনের পক্ষ থেকে রাজ্য পুলিশের নিয়ন্ত্রণ নেওয়া অথবা কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রস্তাব এক্কেবারে প্রত্যাখ্যান করে দেন বিচারপতি বাগচী। এমনকি তিনি স্পষ্ট দাবি করেছেন, ভোটের সময় ছাড়া কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কোনও প্রশ্ন নেই।
সনাতনী সংসদের আইনজীবী ভিভি গিরি ২০২৩-২৪ সালের হিংসার ঘটনা উল্লেখ করে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলেন। বেঞ্চের সাফ বার্তা এই অভিযোগ তুলতে হলে কমিশনকে আদালতে প্রমাণ করতে হবে। এছাড়া শীর্ষ আদালতের কড়া নির্দেশ, কোনও রাজ্য যদি বিএলওদের নিরাপত্তায় সহযোগিতা না করে, তা হলে সেই তথ্য সুপ্রিম কোর্টের হাতে এসে পৌঁছলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিন কমিশন ও রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশও জারি করে সুপ্রিম কোর্ট।







