দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে চাঞ্চল্যকর ঘটনায় বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১১ জন শিশু। ঘটনাটি ঘটেছে মন্দিরবাজার থানার অন্তর্গত বলদেবপুর এলাকায়। অসুস্থ শিশুদের সকলকেই বর্তমানে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সবাই বিপন্মুক্ত থাকলেও কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বলদেবপুর এলাকার কয়েকজন শিশু একসঙ্গে খেলাধুলো করছিল। সেই সময় রাস্তার ধারে একটি গাছে বাদামজাতীয় দেখতে ফল নজরে আসে তাদের। অবুঝ মনে সেই ফলই কুড়িয়ে খেয়ে ফেলে শিশুরা। কিছুক্ষণ যেতেই একে একে অসুস্থ হতে শুরু করে তারা। প্রথমে বমি, পরে তীব্র পেটব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয় কয়েকজনের মধ্যে। পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ায় পরিবারগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তড়িঘড়ি শিশুদের নিয়ে যাওয়া হয় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা সকলকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে রেফার করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত ফল খাওয়ার কারণেই এই শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি শিশুদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত অভিভাবকরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় একাধিক অচেনা ও বিষাক্ত গাছ থাকলেও তা অপসারণ বা সচেতনতার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের দাবি, শিশুদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন।
অন্যদিকে চিকিৎসকদের পরামর্শ, ছোট শিশুদের ক্ষেত্রে রাস্তার ধারের কোনও ফল বা অচেনা জিনিস খাওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। সামান্য অসতর্কতাই যে বড় বিপদ ডেকে আনতে পারে, মন্দিরবাজারের এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ।







