রাজ্য

এবার সোনার খনি বাংলায়! জঙ্গলমহলের মাটির নিচে মিলল বিপুল ধনভাণ্ডার

পশ্চিমবঙ্গের মাটির নিচে লুকিয়ে আছে বিপুল ধনভাণ্ডার! জঙ্গলমহলের রুক্ষ লালমাটির নিচে সোনার খনি পাওয়ার খবর এখন আর নিছক কল্পনা নয়, বরং জোরালো এক বাস্তব। সম্প্রতি কেন্দ্রীয় খনি মন্ত্রক রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) দীর্ঘদিনের অনুসন্ধানে বাংলার অন্তত নয়টি জায়গায় সোনার আকরিক পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। মূলত পুরুলিয়া ও বাঁকুড়ার সীমান্ত এলাকাতেই এই মহামূল্যবান ধাতুর খোঁজ মিলেছে। বিশেষজ্ঞদের মতে, ঝাড়খণ্ড লাগোয়া এই অঞ্চলের ভৌগোলিক গঠন খনিজ সম্পদে ঠাসা। বিশেষ করে পুরুলিয়ার রুদ্র এলাকায় মাটির নিচের শিলাস্তরে সোনার অস্তিত্ব নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। হিসেব বলছে, রাজ্যে প্রায় ১২.৮৩ মিলিয়ন টন সোনার আকরিক মজুত থাকতে পারে। এই বিপুল পরিমাণ পাথর ও মাটি পরিশোধন করলে প্রায় ৬৫০ কেজি খাঁটি সোনা পাওয়া সম্ভব। যদিও কর্ণাটকের বিখ্যাত খনিগুলোর তুলনায় এখানকার সোনার ঘনত্ব কিছুটা কম, তবুও বর্তমান আকাশছোঁয়া বাজারদরের কথা মাথায় রাখলে এই প্রকল্প থেকে রাজ্য যে বিপুল মুনাফা অর্জন করতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।

শুধু সোনাই নয়, পুরুলিয়া জেলার কালপাথর ও রঘুডি এলাকায় খোঁজ মিলেছে ‘রেয়ার আর্থ এলিমেন্টস’ বা অত্যন্ত বিরল কিছু খনিজ উপাদানের। আধুনিক প্রযুক্তির যুগে এই খনিজগুলো সোনার চেয়েও কোনো অংশে কম নয়। স্মার্টফোনের চিপ সেট থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি কিংবা আধুনিক যুদ্ধবিমান।সব তৈরিতেই এই ১৭ ধরনের বিরল খনিজের প্রয়োজন পড়ে। ধারণা করা হচ্ছে, পুরুলিয়ার এই এলাকায় প্রায় ০.৬৭ মিলিয়ন টন বিরল খনিজের মজুত রয়েছে।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গজুড়ে প্রায় ২৮টি খনিজ অনুসন্ধান প্রকল্প চালানো হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং পাহাড়ি এলাকা দার্জিলিং-কালিম্পংয়েও তামা, গ্রাফাইট ও ম্যাঙ্গানিজের মতো সম্পদের সন্ধান চলছে। ইতিমধ্যে পুরুলিয়ার চারটি ফসফেট ব্লক নিলামের জন্য তৈরিও করা হয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রকের দাবি, অন্যান্য রাজ্যে খনিজ ব্লক নিলামের কাজ দ্রুত এগোলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। যদি দ্রুত এই খনিগুলো থেকে উত্তোলন শুরু হয়, তবে বাংলার অর্থনীতিতে যেমন জোয়ার আসবে, তেমনই স্থানীয় এলাকায় কর্মসংস্থানের এক বিশাল দিগন্ত খুলে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.