তুরস্কে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমাদ আল-হাদাদ-সহ মোট আট জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারার বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা সকলেই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন লিবিয়া ও তুরস্কের কর্মকর্তারা।
লিবিয়ার সরকারি সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রাথমিক কারণ প্রযুক্তিগত ত্রুটি। যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তুরস্কের পক্ষ থেকেও বলা হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে।
তুরস্কের কর্মকর্তাদের দাবি, লিবিয়ার একটি উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধি দল আঙ্কারায় প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে এসেছিলেন। ওই বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে দেশে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল-হামিদ ডবেইবা ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জেনারেল আল-হাদাদ এবং তাঁর সঙ্গে থাকা চার জন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি এই দুর্ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘লিবিয়ার জন্য অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর কথায়, “দেশ যখন সংকট কাটিয়ে ঐক্যের পথে এগোচ্ছে, ঠিক সেই সময় এমন ক্ষতি লিবিয়ার জন্য গভীর শোকের।”
নিহত জেনারেল মুহাম্মদ আলী আহমাদ আল-হাদাদ ছিলেন পশ্চিম লিবিয়ার প্রধান সামরিক কমান্ডার। জাতিসংঘের তত্ত্বাবধানে লিবিয়ার বিভক্ত সামরিক বাহিনীকে একত্রিত করার প্রচেষ্টায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন বলে আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে।
দুর্ঘটনায় নিহত অন্যান্য কর্মকর্তারা হলেন— জেনারেল আল-ফিতৌরি ঘরাইবিল (লিবিয়ার স্থলবাহিনী প্রধান), ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাউই (সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান), মুহাম্মদ আল-আসাওই ডিয়াব (প্রধান কর্মকর্তা অফিসের উপদেষ্টা) এবং মুহাম্মদ ওমর আহমেদ মাহজুবে (প্রধান কর্মকর্তা অফিসের সামরিক ফটোগ্রাফার)। এছাড়াও বিমানের তিন জন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে, যদিও তাঁদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এই দুর্ঘটনার পর লিবিয়া ও তুরস্ক— উভয় দেশেই শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক মহলেও ঘটনার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।







