কেদারনাথ ও বদ্রীনাথ ধামে এবার থেকে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই প্রবেশ করতে পারবেন—এমন সিদ্ধান্ত নিয়েছে কেদারনাথ–বদ্রীনাথ মন্দির কমিটি। অহিন্দু দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার বিষয়ে জারি হয়েছে নয়া বিজ্ঞপ্তি। আর তা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
শতাব্দীপ্রাচীন এই তীর্থক্ষেত্রে আচমকা এমন নিষেধাজ্ঞা কেন—তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। মন্দির কমিটির এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে মতবিরোধ স্পষ্ট।
এ বিষয়ে কেদারনাথ–বদ্রীনাথ মন্দির কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণই এই সিদ্ধান্তের মূল কারণ। তাঁর বক্তব্য, অতীতে এই দুই পবিত্র মন্দিরে একমাত্র হিন্দুদেরই প্রবেশাধিকার ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এবং অবিজেপি সরকারের আমলে সেই প্রথা শিথিল হতে থাকে। সেই পুরনো রীতিনীতিকেই ফের কার্যকর করতেই এই পদক্ষেপ বলে দাবি তাঁর।
অন্যদিকে, এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধী দলগুলির অভিযোগ, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বিজেপির প্রত্যক্ষ মদত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় আবহকে সামনে রেখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও দাবি তুলেছে তারা।
ধর্মীয় ঐতিহ্য রক্ষা না কি সাংবিধানিক অধিকারের প্রশ্ন—এই দুইয়ের সংঘাতে কেদার–বদ্রী সিদ্ধান্ত ঘিরে বিতর্ক যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।







