বিনোদন

গভীর রাতে জুহু কাঁপাল গুলির শব্দ! রোহিত শেট্টির বাড়ির সামনে পরপর ৫ রাউন্ড ফায়ার, চাঞ্চল্য মুম্বইয়ে

মুম্বই: গভীর রাত। ঘুমন্ত মুম্বইয়ের বুকে আচমকাই ভেসে আসে গুলির শব্দ। মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায় জুহুর নীরবতা। বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Rohit Shetty) জুহুর আবাসনের বাইরে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, রাত আনুমানিক ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। গুলির শব্দ শোনা মাত্রই জুহু থানার পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছয়। মুহূর্তের মধ্যেই এলাকা ঘিরে ফেলে শুরু হয় জোরদার তদন্ত।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একজন অভিযুক্তই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্ত ব্যক্তি ঘটনার আগে কিছুক্ষণ এলাকায় দাঁড়িয়ে ধূমপান করছিল। তবে এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর রোহিত শেট্টির আবাসনের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। ভবনের চারপাশে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুম্বই পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। ব্যক্তিগত শত্রুতা, চাঁদাবাজি নাকি কোনও সংগঠিত অপরাধচক্রের যোগ রয়েছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল বলিউড অভিনেতা সলমন খানের বান্দ্রার বাসভবনের সামনে। সেই সময় বাইকে চেপে এসে দুই দুষ্কৃতী চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।

‘গোলমাল’, ‘সিংহম’-এর মতো একের পর এক সুপারহিট অ্যাকশন ছবির নির্মাতা রোহিত শেট্টির বাড়ির সামনে এই গুলিবর্ষণের ঘটনা ফের একবার বলিউড সেলিব্রিটি ও মুম্বই শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.