বিদেশরাজনীতি

ভোট নষ্ট না করে ‘একবার সুযোগ’—জামাতের নতুন রাজনৈতিক বয়ান কি বদলে দেবে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ?

বাংলাদেশের সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিও ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বছর পঞ্চাশ-পঞ্চান্নর এক সাধারণ নাগরিক ক্যামেরার সামনে বলছেন, “ভোটটা কি পচাইয়া দিমু, নাকি জামাতরে দিমু। একবার জামাতরেই দিয়া দেখি না সে আমাদের জন্য কী করে।”
এই বক্তব্য ঘিরেই প্রশ্ন উঠছে—এটা কি নিছক জনমতের প্রতিফলন, না কি জামায়াতে ইসলামীর সুসংগঠিত আইটি সেলের পরিকল্পিত প্রচার?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভিডিওটির ভাষা ও বক্তব্য জামাতের বর্তমান নির্বাচনী কৌশলের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লিগের ভোটারদের উদ্দেশ্য করেই ‘ভোট নষ্ট না করার’ আর্জি জানাচ্ছে জামাত। দলটির দাবি, আওয়ামী লিগের অন্তত ৪০ শতাংশ ভোটার এবার ভোট বয়কটের পথে। সেই ভোট নিজেদের ঝুলিতে তুলতেই জামাতের এই আহ্বান—একবার সুযোগ দিন, ঠকবেন না।

‘পরিবর্তন’-এর ডাক, নাম না করে আক্রমণ
বরিশালের মেহেন্দিগঞ্জে এক জনসভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “স্বাধীনতার পর সরকার বদলেছে বারবার, কিন্তু মানুষের ভাগ্য বদলায়নি। জনগণ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।”
একই সভায় নাম না করে তিনি বিএনপির দিকেও তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, “জুলাই বিপ্লবের পর একটি বড় দলের নেতা-কর্মীরা মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলদারিতে লিপ্ত হয়েছে।”

নড়াইল ও ফরিদপুরের সভাগুলিতে আরও স্পষ্ট ভাষায় তিনি বলেন, “৫৪ বছরে যাদের শাসন দেখেছি, তাদের আমলনামা আমাদের জানা। গণঅভ্যুত্থান পরবর্তী ১৭ মাসের আমলনামাও সামনে আছে। যাদের আমলনামা ভালো, ভোট তাদেরই দেওয়া উচিত।”
ইঙ্গিত স্পষ্ট—আওয়ামী লিগের পাশাপাশি বিএনপিকেও অযোগ্য প্রমাণ করার চেষ্টা।

‘চৌকিদারি’র রাজনীতি
উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুরে জামাতের প্রচারে উঠে এসেছে নতুন শব্দবন্ধ। শফিকুর রহমান বলেন, “আমরা এতদিন দলকে পাহারা দিয়েছি। এবার সুযোগ দিলে ১৮ কোটি মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের চৌকিদারি করতে চাই।”
দ্বিতীয় শীর্ষ নেতা মিয়া গোলাম পরওয়ারও একই সুরে বলেন, “আওয়ামী লিগ, বিএনপি, জাতীয় পার্টি—সবাইকে মানুষ দেখেছে। একবার আমাদেরও সুযোগ দিন। তখন বুঝবেন, জামায়াতে ইসলামী ভিন্ন জাতের দল।”

বাজপেয়ী স্মৃতি, ‘পার্টি উইথ এ ডিফারেন্স’
ঢাকার এক প্রবীণ সাংবাদিকের মতে, জামাত নেতাদের বর্তমান ভাষণ তাঁকে ভারতের আশি-নব্বই দশকের বিজেপি রাজনীতির কথা মনে করিয়ে দিচ্ছে। কংগ্রেস ও তৃতীয় ফ্রন্টের বিকল্প হিসেবে ‘একবার সুযোগ’ চেয়ে বিজেপির প্রচার—অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবানীর সেই বয়ানের সঙ্গেই মিল খুঁজে পাচ্ছেন তিনি।

শুধু বয়ানেই নয়, ব্যক্তিত্বের তুলনাও টানা হচ্ছে। বাবরি মসজিদ ধ্বংসের পর বাজপেয়ীর দুঃখপ্রকাশের মতোই, জামাতের অতীত ভূমিকা নিয়ে ক্ষমা চেয়েছেন বর্তমান আমির। শফিকুর রহমান বলেছেন, “১৯৪৭ থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেলে, আমি বিনা শর্তে ক্ষমা চাইছি।”
তাঁর যুক্তি—ক্ষমা চাওয়ায় লজ্জা নেই, এটা আদর্শবাদী রাজনীতির অঙ্গ।

সংখ্যালঘু বার্তা ও কৌশল
এই প্রথম জামাত খুলনা-১ আসনে এক হিন্দু ব্যবসায়ী কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছে। রাজনৈতিক মহলের মতে, এটি সংখ্যালঘু ভোট টানার কৌশল। জামাতের ‘কট্টর’ তকমা ঝেড়ে ফেলে দলকে ‘মধ্যপন্থী ইসলামিক দল’ হিসেবে তুলে ধরার চেষ্টাও স্পষ্ট।

অনুকূল পরিস্থিতি, বড় বাজি
আওয়ামী লিগের নির্বাচনে অনুপস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা—এই অনুকূল পরিস্থিতিকে কাজে লাগাতেই জামাত মরিয়া বলে মনে করছেন বিশ্লেষকেরা। অতীতে নিষেধাজ্ঞা, নিবন্ধন বাতিল, যুদ্ধাপরাধের বিচার ও নেতাদের মৃত্যুদণ্ড—সব মিলিয়ে দীর্ঘ সময় কোণঠাসা ছিল দলটি।
হাসিনা সরকারের পতনের পর আদালতের রায়ে ফের নির্বাচনী অধিকার ফিরে পেয়ে এবার জামাত নতুন কৌশলে মাঠে নেমেছে।

প্রশ্ন একটাই—‘একবার সুযোগ’ চাওয়ার এই রাজনীতি কি সত্যিই বাংলাদেশের ভোটারদের মন বদলাতে পারবে? নাকি এটি কেবল ইতিহাসের আরেকটি পুনরাবৃত্তি হয়েই থাকবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.