দেশ

বিহারের মাধেপুরায় মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া, এক জনের অবস্থা সঙ্কটজনক

বিহারের মাধেপুরা জেলায় সরকারি স্কুলে মিড ডে মিল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ল অন্তত ৭০ জন পড়ুয়া। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক জন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, মাধেপুরা থানার অন্তর্গত সাহুগড় গ্রামের একটি সরকারি স্কুলে শনিবার দুপুরে মিড ডে মিল খাওয়ার কিছু ক্ষণ পরেই কয়েক জন পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। কারও বমি, কারও পেটে তীব্র যন্ত্রণা দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ক্লাস থেকে একের পর এক পড়ুয়ার অসুস্থ হওয়ার খবর আসতে থাকে। পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার নেয়।

একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় অভিভাবকদের। তাঁরা স্কুলে ছুটে এসে বিক্ষোভ দেখান এবং স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তোলেন। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধারকাজে সহযোগিতা করেন।

স্কুল সূত্রে জানানো হয়েছে, মিড ডে মিল খাওয়ার পরই পড়ুয়াদের মধ্যে পেটে যন্ত্রণা ও বমির উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স ও অন্যান্য যানবাহনের সাহায্যে পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই দিন মিড ডে মিল সরবরাহ করেছিল। অভিভাবকদের সন্দেহ, খাবারে টিকটিকি পড়ে যাওয়ার কারণেই বিষক্রিয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি পড়ুয়া ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সঞ্জয় কুমার জানান,
“সব পড়ুয়া বর্তমানে চিকিৎসাধীন। যে স্বেচ্ছাসেবী সংগঠন মিড ডে মিল সরবরাহ করেছিল, তাদের শোকজ় করা হয়েছে। খাবারের নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। কোনও ত্রুটি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.