৪১ বছর বয়সে আরও এক স্বপ্নপূরণ করলেন বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার মাঠের বাইরে ফুটবলে নিজের প্রভাব বিস্তারের পথে বড় পদক্ষেপ নিলেন তিনি। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব UD Almeria-এর ২৫ শতাংশ শেয়ার কিনে আনুষ্ঠানিকভাবে ক্লাব মালিকানার জগতে প্রবেশ করলেন সিআর৭।
সূত্রের খবর, তাঁর সংস্থা ‘CR7 Sports Investment’-এর মাধ্যমে ইতিমধ্যেই আর্থিক লেনদেন সম্পন্ন হয়েছে। যদিও বিনিয়োগের নির্দিষ্ট শর্তাবলি প্রকাশ্যে আনা হয়নি, এই পদক্ষেপকে দীর্ঘমেয়াদি কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।
সম্প্রতি ৩০ পেরোনোর পর ৫০০ গোলের অনন্য নজির গড়েছেন রোনাল্ডো। একইসঙ্গে তাঁর কেরিয়ারের মোট গোলসংখ্যা পৌঁছেছে ৯৬৫-এ। বর্তমান ক্লাব Al Nassr-কে সাফল্যের শিখরে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পর এবার প্রশাসনিক দুনিয়ায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি।
এক বিবৃতিতে রোনাল্ডো জানিয়েছেন,
“মাঠের বাইরে থেকেও ফুটবলের উন্নয়নে অবদান রাখার ইচ্ছা বহুদিনের। শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা আলমেরিয়ার উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে। সেই যাত্রায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত উৎসাহিত।”
উল্লেখ্য, গত বছর সৌদি বিনিয়োগকারী গোষ্ঠী ক্লাবটির মালিকানা নেয়। এবার রোনাল্ডোর মতো বিশ্বমানের আইকনের যোগদান ক্লাবের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্ভাবনাকে নতুন মাত্রা দেবে বলেই মনে করছেন সভাপতি আল খেরেইজি।
রোনাল্ডোর এই বিনিয়োগে কি নতুন গতি পাবে আলমেরিয়ার লা লিগায় ওঠার স্বপ্ন? এখন সেই দিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।







