অবশেষে জল্পনার অবসান! নিজের ভবিষ্যৎ ও রাজনৈতিক পদক্ষেপ স্পষ্ট করলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত তাঁর নিজেরই। যার ফলে কয়েকদিন ধরে চলা রাজনৈতিক গুঞ্জনে এবার সিলমোহর পরল।
দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে বিহারের শাসনভার সামলানো নীতীশ কুমার এবার রাজ্যসভার সাংসদ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আগামী ১৬ই মার্চ রাজ্যসভা নির্বাচন পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর পদেই থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তাঁর দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। নীতীশের এই সিদ্ধান্ত ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র আলোচনা শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠলেও নীতীশ কুমার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যসভায় যাওয়ার আগ্রহ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ফল।
রাজনৈতিক জীবনে একাধিকবার শিবির পরিবর্তনের জন্য নীতীশ কুমারের নামের সঙ্গে ‘পল্টুরাম’ তকমা জুড়েছে। তবু বিহারের রাজনীতিতে তাঁর জোরালো প্রভাব রয়েছে। এই রাজ্যসভার সদস্য হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তা স্পষ্ট করেছেন নীতিশ কুমার।
এপ্রসঙ্গে এক্স-হ্যান্ডেলে পোস্ট করে নীতিশ কুমার লিখেছেন, ‘গত দু’দশকেরও বেশি সময় ধরে আমার উপর আস্থা রেখেছেন আপনারা, আমাকে সমর্থন করেছেন। তার জন্যই বিহার এবং আপনাদের সকলের সেবা করতে পেরেছি। আপনাদের আস্থা এবং সমর্থনে ভর করেই আজ বিহার আজ উন্নয়ন এবং সম্মানের নতুন মাইলফলক ছুঁতে সফল হয়েছে। এর জন্য আগেও আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করেছি’।







