মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। টানা ১২ দিনের যুদ্ধ পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠেছে। একদিকে মার্কিন বাহিনীর সরাসরি হামলা, অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে আবারও বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। ফলে গোটা অঞ্চলজুড়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এটাই সবচেয়ে বড় আঘাত। ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে হামলায় অন্তত ১৬টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। এই হামলার বড় অংশই হয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে, যেখান দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনও জাহাজ ওই প্রণালীতে নৌ-মাইন বসানোর চেষ্টা করে, তবে মার্কিন বাহিনী তাৎক্ষণিকভাবে সেটিকে ধ্বংস করবে। যদিও এখনও পর্যন্ত মাইন বসানোর সরাসরি প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন তিনি। তবে পরিস্থিতি তৈরি হলে আকাশপথে বোমাবর্ষণ-সহ সব ধরনের সামরিক শক্তি ব্যবহার করা হবে বলেও সতর্ক করেন ট্রাম্প।
ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, চলতি অভিযানে আমেরিকা ইতিমধ্যেই বড় সাফল্য পেয়েছে। তাঁর কথায়, ইরানের সামরিক শক্তি দ্রুত দুর্বল হয়ে পড়ছে। তবে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা তিনি জানাননি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্পই।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’-র প্রথম দশ দিনেই ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে ৫০টিরও বেশি ইরানি যুদ্ধজাহাজ ও সাবমেরিন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ইরানের কমান্ড সেক্টর, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন কারখানা, নৌঘাঁটি ও যোগাযোগ ব্যবস্থার ওপরও ব্যাপক আঘাত হানা হয়েছে।
এদিকে, ইরানের রাজধানী তেহরানে দ্বিতীয় দফার বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রথম দফায় তেহরান ও তাবরিজের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড কেন্দ্রকে লক্ষ্য করা হয়েছিল। দ্বিতীয় দফার হামলাতেও রাজধানীর সামরিক অবকাঠামো দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করে বলেছে, এই পদক্ষেপ বিশ্বজুড়ে অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে। তাদের বক্তব্য, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ইরানের নতুন ধর্মীয় নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্তকেও তারা সম্মান জানিয়েছে।
ক্রমশই তীব্র হয়ে ওঠা এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল। এখন নজর, এই সংঘাত কতদূর গড়ায় এবং বিশ্বশক্তিগুলির ভূমিকা কী হয় তার ওপর।







