চাবি ভুলে যাওয়া বা হারিয়ে ফেলার ঝামেলা এবার অতীত হতে চলেছে। প্রযুক্তির অগ্রগতিতে বাড়ির নিরাপত্তা ব্যবস্থায় আসছে বড় বদল—এবার আপনার স্মার্টফোনই হয়ে উঠবে বাড়ির দরজার চাবি!
সম্প্রতি Samsung তাদের জনপ্রিয় Samsung Wallet-এ যুক্ত করেছে ‘ডিজিটাল হোম কি’ নামের এক অত্যাধুনিক ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা আর আলাদা চাবি ছাড়াই সরাসরি ফোন ব্যবহার করে স্মার্ট দরজা খুলতে পারবেন।
এতদিন এই ওয়ালেটের সাহায্যে গাড়ির ডিজিটাল চাবি ব্যবহার করা যেত। এবার সেই সুবিধা পৌঁছে গেল ঘরের দরজায়। স্মার্ট লকের সঙ্গে যুক্ত থাকলেই ফোনের এক টাচ বা অটো অথেন্টিকেশনেই খুলে যাবে দরজা।
এই নতুন প্রযুক্তি তৈরি হয়েছে Connectivity Standards Alliance-এর তৈরি ‘Aliro’ স্ট্যান্ডার্ড মেনে, ফলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট লকের সঙ্গে এটি সহজেই কাজ করবে। বিশেষ করে Nuki ও Schlage-এর মতো জনপ্রিয় লক ব্র্যান্ড ইতিমধ্যেই এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নিরাপত্তার দিক থেকেও কোনও খামতি রাখেনি সংস্থা। ফিচারটি ব্যবহার করতে হলে লাগবে বায়োমেট্রিক ভেরিফিকেশন—যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা পিন। পাশাপাশি, ফোন হারিয়ে গেলেও চিন্তা নেই। Samsung Find-এর মাধ্যমে দূর থেকেই ডিজিটাল চাবি ব্লক বা মুছে ফেলা যাবে।
প্রাথমিকভাবে কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে চালু হলেও, ধাপে ধাপে বিশ্বজুড়ে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে Samsung।
প্রযুক্তির এই নতুন সংযোজন যে ভবিষ্যতের ‘স্মার্ট হোম’-এর দিকেই বড় পদক্ষেপ, তা বলাই বাহুল্য।







