দক্ষিণবঙ্গে এখন গরম যেন চরম সীমায়। ভোটের আবহে আবহাওয়ার এই রূঢ় রূপে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত প্যাচপ্যাচে গরম, তার সঙ্গে লু-এর দাপট—সব মিলিয়ে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি আপাতত আরও কিছুদিন এমনই থাকবে, বরং কিছু জেলায় তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ ভয়াবহ আকার নিয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় পারদ ইতিমধ্যেই ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মরশুমে অন্যতম সর্বোচ্চ। দিনের বেলায় রাস্তাঘাট কার্যত ফাঁকা, প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরোতে চাইছেন না। তীব্র রোদে বাইরে বেরোলেই শরীরে ক্লান্তি, ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট বজায় থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা গরম থেকে তেমন স্বস্তি দিতে পারবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বরং বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় অস্বস্তি আরও বাড়তে পারে।
এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ‘সুপার এল নিনো’-র সম্ভাবনা। আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরের এই বিশেষ উষ্ণায়ন প্রক্রিয়া বিশ্বজুড়ে আবহাওয়ার উপর প্রভাব ফেলবে ,যার জেরে ভারতে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে। যদি এই পরিস্থিতি জোরদার হয়, তবে আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকতে পারে।
তবে আশার আলোও দেখাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল থেকে আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে রবিবার থেকে দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির দাপটে কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে এবং অস্বস্তিকর আবহাওয়া থেকে স্বস্তি মিলতে পারে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির কাছাকাছি। দিনের বেশিরভাগ সময়ই থাকবে তীব্র গরম ও আর্দ্রতা। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকলেও সপ্তাহান্তে কালবৈশাখীর দৌলতে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।






